সাংসদ মহীউদ্দীনের মনোনয়নপত্র বাতিল বৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের করা একটি লিভ টু আপিল আবেদন আজ খারিজ হয়ে গেছে। সর্বশেষ সংসদ নির্বাচনে তাঁর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেয়, হাইকোর্ট তা বৈধ বলে উল্লেখ করেন। এরই বিরুদ্ধে তিনি লিভ টু আপিল করেছিলেন। আজ আপিল বিভাগ তাঁর আবেদনটি খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন। আজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ লিভ-টু আপিল খারিজ করে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, এ আদেশের ফলে মহীউদ্দীন খান আলমগীরের সদস্য পদ থাকছে না ।তবে মহীউদ্দীনের কৌঁসুলি রোকনউদ্দিন মাহমুদ এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের কৌঁসুলি মাহমুদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ মহীউদ্দীনের করা লিভ-টু আপিল খারিজ (ডিসমিস) করে দিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন তাঁর সদস্য পদ থাকবে কি না বা ওই আসনে উপনির্বাচন হবে কি না, এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।নির্বাচন কমিশনের আরেক কৌঁসুলি প্রবীর নিয়োগী বলেন, মহীউদ্দীনের করা লিভ-টু আপিল খারিজ হওয়ায় মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বা আদেশ বহাল রইল। পরবর্তী পদক্ষেপ কী হবে, জানতে চাইলে তিনি বলেন, যৌক্তিক এবং আইনগত পরিণতি হবে।উপনির্বাচন হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভাবনা রয়েছে।জানা যায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবৈধ সম্পদ অর্জনের মামলায় মহীউদ্দীন আলমগীরের ১৩ বছরের কারাদণ্ড হয়। ওই কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করে তিনি জামিনে মুক্তি পান। দণ্ডিত হওয়ায় ২০০৮ সালের ৩ ডিসেম্বর নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মহীউদ্দীনের মনোনয়নপত্র বাতিল করেন।এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে তাও খারিজ হয়ে যায়। পরে তিনি হাইকোর্টে রিট দায়ের করলে ওই বছরের ১৫ ডিসেম্বর হাইকোর্ট তা সরাসরি খারিজ করে দেন।হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মহীউদ্দীন আপিল বিভাগে আবেদন করলে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশের কার্যকরতা স্থগিত করে দেন।এ প্রেক্ষাপটে তিনি ২০০৮ সালের ২৯ ডিসেম্বর চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে নির্বাচন করেন এবং জয়ী হন।পাশাপাশি গত বছর তিনি হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে নিয়মিত লিভ-টু আপিল করেন।আজ সকালে উভয় পক্ষের শুনানি শেষে আপিল বিভাগ মহীউদ্দীনের লিভ-টু আপিল খারিজ করে দেন।