সাংসদ মান্নান একাই ১১ শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বিধি লঙ্ঘন করে একাই ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সরকারদলীয় সাংসদ আবদুল মান্নান। অথচ সরকারি নীতিমালা অনুযায়ী একজন সাংসদ তাঁর নির্বাচনী এলাকায় সর্বোচ্চ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারেন। এ ব্যাপারে গত রোববার যশোর শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ করেছেন ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম।সাংসদ মান্নান তাঁর এলাকার যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন, এর মধ্যে রয়েছে পাঁচটি কলেজ, পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা। তিনি আরও একটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হতে শিক্ষা বোর্ডে অনানুষ্ঠানিক পত্র (ডিও লেটার) দিয়েছেন। লিখিত অভিযোগে রবিউল বলেন, ‘সরকারি নীতিমালা অনুযায়ী একজন সাংসদ চারটির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হতে পারেন না। অথচ সাংসদ আবদুল মান্নান ক্ষমতার অপব্যবহার করে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হয়েছেন।’রবিউল জানান, কালীগঞ্জ উপজেলার খড়িখালী মহামায়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির ১০ জন প্রতিনিধির কণ্ঠভোটে তিনি ২০ ফেব্রুয়ারি সভাপতি নির্বাচিত হন। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের কাছ থেকে এ ব্যাপারে অনুমোদন নিতে গিয়ে তিনি জানতে পারেন, সাংসদ আবদুল মান্নান ওই বিদ্যালয়ের সভাপতি হওয়ার জন্য আবেদন করেছেন। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, সাংসদ আবদুল মান্নান ডিও লেটার দিয়ে কালীগঞ্জের সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, আলহাজ আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজ, শহীদ নূর আলী ডিগ্রি কলেজ, রামনগর ডিগ্রি কলেজ, আইশা খাতুন বালিকা বিদ্যালয়, সোয়াইব নগর দাখিল মাদ্রাসা, কোলা মাধ্যমিক বিদ্যালয়, মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ, ঝিনাইদহ-মাগুরা সম্মিলনী কলেজ ও খড়িখালী মহামায়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতির পদ দখল করে আছেন।নাম না প্রকাশ করার শর্তে কালীগঞ্জের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বলেন, উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের নামে এখন ব্যাপক বাণিজ্য চলছে। এ কারণে অনেকে সভাপতির পদ আঁকড়ে থাকার চেষ্টা করছেন। এর মধ্যে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে মোটা অঙ্কের টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান জানান, যখন যে দল ক্ষমতায় থাকে, তখন ওই দলের ক্ষমতাবান লোক সভাপতির পদ আঁকড়ে ধরেন। বিদ্যালয়ের উন্নয়নসহ নানা কর্মকাণ্ড সাংসদের হাতে। এ কারণে তাঁরা সর্বসম্মতিক্রমে সাংসদকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করেছেন।এ ব্যাপারে জানতে চাইলে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান প্রথম আলোকে জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়ার জন্য অনেক ডিও লেটার আসে। একজন সাংসদ কয়টি প্রতিষ্ঠানের সভাপতি হচ্ছেন, সে হিসাব রাখা খুব কঠিন। সাংসদ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘বিধিবহির্ভূতভাবে যদি ১১টি প্রতিষ্ঠানের সভাপতি হয়ে থাকি, তাহলে এর দায় শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের, অর্থাত্ যারা অনুমোদন দিয়েছে। সভাপতি হওয়ার জন্য আমি আবেদন করতেই পারি। অনুমোদন দেওয়া না দেওয়া কর্তৃপক্ষের ব্যাপার।’