সাংসদ মারলেন পরে পাঞ্জাবি কিনে পরিয়েও দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ডাকবাংলোয় গতকাল শনিবার দুপুরে স্থানীয় সাংসদের কিল-ঘুষিতে এক আইনজীবী আহত হয়েছেন। পরে সাংসদ তাঁর কাছে ক্ষমা চান এবং একটি পাঞ্জাবি কিনে আনিয়ে তাঁকে পরিয়ে দেন।আহত আইনজীবী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলা আওয়ামী লীগ আইনজীবী পরিষদের সহসভাপতি মো. বদরুদ্দোজা গতকাল তাঁর এলাকার একটি সড়কের উন্নয়নমূলক কাজের জন্য জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের আওয়ামী লীগের সাংসদ মুরাদ হাসানের সঙ্গে দেখা করতে যান। আইনজীবী হরখালী-দোলভিটি রাস্তার উন্নয়নের জন্য কথা বলার একপর্যায়ে সাংসদ উত্তেজিত হয়ে ওঠেন এবং আইনজীবীর মুখমণ্ডলে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে আইনজীবীর পাঞ্জাবি রক্তে ভিজে যায় এবং চশমা ভেঙে যায়।পরে সাংসদের নির্দেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে ডাকবাংলোয় এক সভা হয়। সভায় আইনজীবীর কাছে সাংসদ ক্ষমা প্রার্থনা করেন এবং বাজার থেকে নতুন একটি পাঞ্জাবি কিনে এনে পরিয়ে দেন।আইনজীবী ডাকবাংলো থেকে বেরিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানেও সাংসদের নেতা-কর্মীদের বাধার মুখে পড়েন বলে অভিযোগ করেন তিনি। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। সাংসদ মুরাদ হাসান বলেন, ‘ওই আইনজীবী আমার আত্মীয়। তাই একটু উত্তেজিত হয়েছিলাম।’ আইনজীবী মো. বদরুদ্দোজা বলেন, ‘সাংসদ আমাকে এভাবে মারধর করবেন কল্পনাও করতে পারিনি।’ সাংসদ তাঁর কোনো আত্মীয় হন না বলে ওই আইনজীবী জানিয়েছেন।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন জানান, স্থানীয় সাংসদের এমন আচরণ খুবই দুঃখজনক। জেলা আওয়ামী লীগ আইনজীবী পরিষদের সভাপতি মো. আবদুল্লাহ এলন, ‘জামালপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’