সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনি গতকাল মঙ্গলবার সকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, ‘পদত্যাগ করতে পারি।’ দুপুরের পর তিনি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে যান। সেখান থেকে বের হয়ে বললেন, ‘আজ পদত্যাগ করছি না।’ ১০ মিনিট পর সংবাদ বিফ্রিংয়ে বললেন, ‘সংসদ বা সরকার বিব্রত হলে এবং দল নির্দেশ দিলে তিনি পদত্যাগ করবেন।’ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সংবাদকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ এবং এ নিয়ে মামলা ও পাল্টা মামলাকে কেন্দ্র করে পটুয়াখালী-৩ আসনের বিতর্কিত ওই সাংসদকে নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছে। গতকাল সকাল থেকে তাঁর পদত্যাগের গুঞ্জন নাটকীয় রূপ নেয়।রনির আচরণে ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব: সাংবাদিককে মারধর করায় সাংসদ গোলাম মাওলার ওপর আওয়ামী লীগের শীর্ষ পর্যায় ক্ষুব্ধ বলে জানা গেছে। দুই দিন ধরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা ও জ্যেষ্ঠ মন্ত্রী প্রথম আলোকে বলেন, আগামীতে তাঁর দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নেই। তা ছাড়া তাঁর অতিকথনে আগে থেকেই প্রধানমন্ত্রী বিরক্ত ছিলেন। সাংবাদিকের ওপর চড়াও হওয়ায় প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন।এর আগেও আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী গোলাম মাওলার অতিকথন এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণে প্রকাশ্যেই তাঁর সম্পর্কে বিরক্তি প্রকাশ করেন।গতকাল বেলা পৌনে তিনটার দিকে হুইপ আ স ম ফিরোজকে নিয়ে গোলাম মাওলা স্পিকার শিরীন শারমিনের কক্ষে যান। স্পিকারের সঙ্গে আলোচনা শেষে তিনি সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘একটি ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়েছে। কেউ মনে করতে পারেন, সাংসদ হিসেবে আমার প্রিভিলেজের কারণে মামলা প্রভাবিত হয়েছে। এ কারণে পদত্যাগ করতে পারি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম।’স্পিকারের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে গোলাম মাওলা বলেন, ‘আমি স্পিকারের কাছে জানতে চেয়েছি, আমার আচরণে সংসদ বিব্রত কি না। দলের কিছু করার আছে কি না। জবাবে স্পিকার বলেছেন, এর মধ্যে সংসদের বিব্রত হওয়ার কিছু নেই। দলের কোনো বিষয় থাকলে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে বলেছেন। আমি প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলব। দল, সংসদ বা সরকার বিব্রত হলে পদত্যাগ করব।’সংবাদকর্মীকে লাথি মেরেছেন কি না জানতে চাইলে গোলাম মাওলা বলেন, ‘আমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চক্রান্ত চলছে। ওই দিন আমি সেলফ ডিফেন্সের (আত্মরক্ষা) জন্য যা করেছি, তাতে আইন ভঙ্গ করিনি। লাথি মারিনি। গেট আউট বলেছি। আমার কাছে এ-সংক্রান্ত ফুটেজ আছে।’ তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে শেয়ারবাজার কেলেঙ্কারি নিয়ে কথা বলছি। সালমান এফ রহমান সম্পর্কে অনেক কথা বলেছি। তিনি অনেক শক্তিশালী। কিন্তু আমি মনে করি, তিনি দলের কেউ নন।’ওই সাংসদ দাবি করেন, ‘সাংবাদিকদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। বিরোধ ইনডিপেনডেন্ট টেলিভিশনের কর্তৃপক্ষের সঙ্গে। আদালতের মাধ্যমেই এর সমাধান হবে।’দুই সংবাদকর্মীর আগাম জামিন: সাংসদ রনির মামলায় দুই সংবাদকর্মীর তিন মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। জামিন পাওয়া দুই সংবাদকর্মী হলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের অপরাধবিষয়ক অনুসন্ধানী অনুষ্ঠান ‘তালাশ’-এর প্রতিবেদক ইমতিয়াজ মোমিন ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুল।গতকাল বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ তাঁদের এই জামিন মঞ্জুর করেন।গতকাল তাঁরা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান। আদালতে তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী আনিসুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।বিভিন্ন স্থানে মানববন্ধন, রনির শাস্তি দাবি: দুই সংবাদকর্মীর ওপর রনির হামলার প্রতিবাদে ও তাঁকে গ্রেপ্তারের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব আয়োজিত এই মানববন্ধন প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ খান হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, হেলাল আহমেঞ্চদ, আবদুল মজিদ, ফেরদৌস হাসান, সুকান্ত সেন, মো. আইয়ূব আলী, দিলীপ গৌর, সাজিরুল ইসলাম, রিফাত রহমান প্রমুখ।বরিশালে সাংসদ রনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সংবাদকর্মীরা। গতকাল দুপুর ১২টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি পরিষদের মহাসচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে ওই সাংসদকে বরিশাল বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বক্তব্য দেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল, এস এম ইকবাল, মীর মনিরুজ্জামান, নজরুল বিশ্বাস, মুরাদ আহমেঞ্চদ, নূরুল আলম ফরিদ, জি এম বাবর আলী, জহিরুল হক, আহমেদ জুয়েল, রিয়াজ আহমেদ প্রমুখ।