সাংসদ রনির বিরুদ্ধে আরও দুটি মামলা
পটুয়াখালী-৩ আসনের (গলাচিপা-দশমিনা) সাংসদ গোলাম মাওলা রনির বিরুদ্ধে গত রোববার রাতে গলাচিপা থানায় আরও দুটি মামলা হয়েছে। একটিতে সমাবেশে হামলা, দোকান ভাঙচুর ও লুটতরাজ এবং অপরটিতে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে।এই দুটি মামলায় রনি ছাড়াও তাঁর শ্যালক গলাচিপার ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকবুল খান ও চাচাতো শ্যালক মো. মাহাজিব খানসহ সাংসদের ৬৫ জন সহযোগীকে আসামি করা হয়েছে।রনি, তাঁর স্বজন ও সহযোগীদের বিরুদ্ধে সমাবেশে হামলা, দোকান ভাঙচুর ও লুটতরাজের অভিযোগে মামলাটি করেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সামসুজ্জামান।মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১০ সালের ১৭ আগস্ট বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে শহীদদের স্মরণ ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগের একটি সমাবেশ চলছিল। ওই সমাবেশে গোলাম মাওলা রনির নেতৃত্বে মো. মকবুল খান, মো. মাহাজিব খান, পানপট্টি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন খান, রনির অনুসারী গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. লিটু পেয়াদা, পানপট্টি ইউনিয়নের মো. আসাদ, মো. আব্বাস, নূর মমিন, মো. মঈন, বশার খাঁ, মো. মনির দফাদার, মো. আলম, মো. বশির, মো. আনোয়ার, ডাকুয়া ইউনিয়নের মো. শামীম বিশ্বাস, সান্টু আকন, মো. জসিম মৃধাসহ অজ্ঞাতনামা আরও ২৫ জন ব্যক্তি হামলা চালান। তাঁরা সমাবেশে অংশ নেওয়া লোকজনকে পিটিয়ে জখম করেন। এরপর আসামিরা পানপট্টি বাজারের মো. জাহাঙ্গীরের মুদি দোকান ভেঙে দোকানের মালামাল লুট করেন। পানপট্টি বাজারে আবুল কালাম আজাদের বাসায় হামলা করে ঘর ভাঙচুর ও মালামালও লুট করেন তাঁরা।চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে অপর মামলাটি দায়ের করেন ডাকুয়া ইউনিয়নের পূর্বপাড় ডাকুয়া গ্রামের মো. বদরুল ইসলাম খান। এজাহারে অভিযোগ করা হয়, ২০১২ সালের ২৫ মার্চ বেলা ১১টার দিকে গোলাম মাওলা রনি, তাঁর শ্যালক মো. মকবুল খান, চাচাতো শ্যালক মাহাজিব খান, পূর্বপাড় ডাকুয়া গ্রামের শামীম বিশ্বাস, বাসু দাস, জসিম মৃধা, সান্টু আকন, হায়দার খাঁ, বড়চত্রা গ্রামের জালাল হাওলাদার, পাড় ডাকুয়া গ্রামের মো. মতলেব গাজী, উলানিয়া বন্দরের নিত্যহরি দেবনাথসহ আরও ১৮ জন তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় রনি তাঁর বুকে পিস্তল ঠেকিয়ে ধরেন। অন্য আসামিরা তাঁর কাছ থেকে নগদ ৩৬ হাজার ৭০০ টাকা ও তিনটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেন।গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক গতকাল সোমবার বিকেলে জানান, মামলাটি দুটি রোববার রাতে যথাক্রমে নয়টা ৫০ মিনিট ও নয়টা ৪৫ মিনিটে তালিকাভুক্ত করা হয়। মামলার তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামিদের গ্রেপ্তারেও পুলিশ তৎপরতা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।এর আগে রোববার দুপুরে সাংসদ রনির বিরুদ্ধে গত সাড়ে চার বছরে পটুয়াখালীর দশমিনা উপজেলার ছয়টি ইউনিয়নের সরকারি বিভিন্ন প্রকল্পের ৭৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পটুয়াখালী দায়রা জজ আদালতে একটি মামলা করেন দশমিনার বাসিন্দা মো. জামাল হোসেন। মামলাটিতে রনিসহ তাঁর ১৪ জন অনুসারীকে আসামি করা হয়।একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দুই সাংবাদিককে মারধর করার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা একটি মামলায় গত ২৪ জুলাই সাংসদ রনি গ্রেপ্তার হন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।