সাংসদ রনির বিরুদ্ধে ৭৯ কোটি টাকা আত্মসাতের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী-৩ (গলাচিপার একাংশ ও দশমিনা) আসনের সাংসদ গোলাম মাওলা রনির বিরুদ্ধে সাড়ে চার বছরে সরকারের বিভিন্ন প্রকল্পের ৭৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে পটুয়াখালী দায়রা জজ আদালতে একটি মামলা করা হয়েছে। গতকাল রোববার সকালে পটুয়াখালীর দশমিনা উপজেলার মো. জামাল হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে রনিসহ ১৫ জনকে আসামি করে মামলাটি করেন। আদালতের বিচারক জেলা দায়রা জজ ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ আবু জাফর মো. নোমান মামলাটির গ্রহণযোগ্যতা শুনানির জন্য ২০ আগস্ট দিন ধার্য করেছেন। মামলার অপর আসামিরা হলেন দশমিনার বরখাস্ত হওয়া চেয়ারম্যান মো. ইকবাল মাহমুদ এবং দলীয় কর্মী গাজী মিজানুর রহমান, জাকির হোসেন ভুট্টো, আবদুল হাই, এ টি এম আছাদুল হক, নাসির উদ্দিন সিকদার, জাফর তালুকদার, আনোয়ার হোসেন, টাইগার তাহিন, কাজী আজাদ, জয়নাল আবেদীন, মনির ভূঁইয়া, হীরন শরীফ, সরোয়ার খান ও আলতাফ হোসেন। মামলার অভিযোগে বলা হয়, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০১৩ সালের ২৫ জুলাই পর্যন্ত রনি, ইকবাল মাহমুদ ও তাঁদের ক্যাডাররা সরকারের টিআর, কাবিখা, ১২০ দিনের কর্মসূচি, ৪০ দিনের কর্মসূচি, হতদরিদ্র কর্মসূচি, জেলেদের চাল, রাস্তা নির্মাণসহ (এলজিইডি) বিভিন্ন প্রকল্পের কাজ না করে প্রভাব খাটিয়ে সরকারি টাকা আত্মসাৎ করেছেন।