সাংসদ রনির সমালোচনা করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশনের টক শোতে প্রধানমন্ত্রীর ইচ্ছায় ‘দৌড় প্রতিযোগিতায়’ প্রথম হয়ে আবুল হোসেনের যোগাযোগমন্ত্রী হওয়া-সংক্রান্ত বক্তব্যের কারণে সাংসদ গোলাম মাওলা রনির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ সাংসদ।জাতীয় সংসদ ভবনে আজ বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সাংসদ গোলাম মাওলা রনির উপস্থিতিতেই এই সমালোচনা করা হয়। বৈঠকে উপস্থিত একাধিক সাংসদ বিষয়টি নিশ্চিত করেছেন।সূত্রগুলো জানায়, বৈঠকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ টক শোতে আওয়ামী লীগের নেতাদের অংশগ্রহণের বিষয়টি উত্থাপন করেন।বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে গত সোমবার রাতে প্রচারিত টক শো ‘তৃতীয় মাত্রা’য় পটুয়াখালীর সাংসদ গোলাম মাওলার বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুক ও ব্লগে ব্যাপক আলোচনা হয়।প্রথম আলোর অনলাইন সংস্করণে এই খবর দেখে সাংসদ গোলাম মাওলা রাতে প্রথম আলো কার্যালয়ে টেলিফোন করেন। তিনি নিজে সংসদীয় দলের বৈঠকের বিবরণ দেন।গোলাম মাওলা বলেন, ‘তোফায়েল আহমেদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “আমাদের দলের অনেকে টক শোতে যান। তাঁরা হার্ডলি দলকে সাপোর্ট করে কথা বলেন। কিন্তু আমাদের এক ছোট ভাই আছেন, তিনি ঘুরিয়ে-ফিরিয়ে এমনভাবে কথা বলেন, তাতে মন্ত্রীরা হাস্যরসের পাত্রে পরিণত হন। এমনকি তিনি প্রধানমন্ত্রীর বাঁশির গল্পও বলেছেন”।’গোলাম মাওলা বলেন, ‘প্রধানমন্ত্রী জানতে চান, কে টক শোতে বাঁশির গল্প বলেছে? তখন আমি বলি, আমি বলেছি। তখন প্রধানমন্ত্রী জানতে চান, তুমি এই গল্প কার কাছে শুনেছ। আমি বলি, অমুকের কাছে শুনেছি। তখন প্রধানমন্ত্রী বলেন, “তুমি পুরোপুরি সঠিক শোনোনি। ওই দৌড় প্রতিযোগিতা লেকের পাড়ে নয়, সেটা হয়েছিল একটা স্পোর্টস স্কুলে। আর তাতে সম্ভবত সাবের প্রথম হয়েছিল, কিন্তু আমি তো সাবেরকে মন্ত্রী বানাইনি”। প্রধানমন্ত্রী হাসিমুখেই এসব কথা বলছিলেন।’গোলাম মাওলার বিবরণ অনুযায়ী, এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘রনি আমাকে নিয়েও অনেক কথা বলেন। আমি কবিতা লিখি, শেয়ারবাজার ইত্যাদি নিয়ে। কিন্তু রনি কে? আমি তো রনি নামে আমাদের কোনো এমপিকে চিনি না।’ এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রনি আমার পারফরমেন্স নিয়েও কথা বলেছেন।’অবশ্য অন্য একাধিক সাংসদ বলেছেন, অর্থমন্ত্রী রনিকে ‘স্টুপিড’ বলে মন্তব্য করেছেন। সূত্রগুলো জানায়, এ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ‘রনির শ্বশুর বিএনপি করে। বিএনপি ক্ষমতায় এলে তিনি এমপি হবেন। ওর চিন্তা কী! আর রনি চলে পার্থের (বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ) সাথে।’ এই কথাগুলো বলে বৈঠকে উপস্থিত শেখ হেলাল উদ্দিনের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পার্থর শ্বশুর বড় নেতা। খালা নেতা।’গোলাম মাওলা দাবি করেন, ‘এ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, “আমার যত বড় আত্মীয়ই হউক না কেন, যারা আমার পরিবারের সঙ্গে বেঈমানি করেছে, তাঁদের ক্ষমা নেই”।’গত সোমবার চ্যানেল আইয়ের টক শো ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানে সরকারি দলের সাংসদ গোলাম মাওলা দাবি করেন, দলীয় প্রধান শেখ হাসিনার আগ্রহে চীনের এক লেকের পাড়ে শৌখিন এক দৌড় প্রতিযোগিতায় জিতে যোগাযোগ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পেয়েছেন সৈয়দ আবুল হোসেন।ওই টক শোতে গোলাম মাওলা আরও বলেন, ‘এটা ছিল প্রধানমন্ত্রীর একটা গিফট। উনার নিয়োগ নিয়ে নানা কথা হলেও আমরাই জানি আসল ঘটনা।’ টক শোতে আলোচনার একপর্যায়ে সাংসদ গোলাম মাওলা মন্ত্রীদের দক্ষতা ও যোগ্যতা নিয়ে মন্তব্য করেন। সে সময় সৈয়দ আবুল হোসেন কীভাবে মন্ত্রী হলেন, সে প্রসঙ্গটি নিয়ে রসাল বর্ণনা দেন তিনি।প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হওয়া গোলাম মাওলা টক শোতে তাঁর গল্প সম্পর্কে নিশ্চয়তা দিয়ে বলেন, ‘এই হলো তাঁর মন্ত্রী হওয়ার, যোগাযোগমন্ত্রী হওয়ার সত্যিকার ইতিহাস। এর বাইরে যা কিছুই বলেন, ইটস নট দ্যা রিয়েলিটি (কিছুই সত্য না)।’