বন্দোবস্তের শর্ত ভেঙে সরকারি জমিতে পাকা দোতলা বাড়ি নির্মাণ করায় পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের আলোচিত সাংসদ গোলাম মাওলা রনিসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাংসদ বা তাঁর পরিবারের কাউকে না পাওয়ায় নোটিশটি গতকাল সোমবার বাড়িটির দেয়ালে সেঁটে দেওয়া হয়েছে।গলাচিপা উপজেলা ভূমি প্রশাসনের ওই নোটিশে সাংসদ রনি ছাড়াও যে তিনজনকে বিবাদী করা হয়েছে তাঁরা হলেন সাংসদের স্ত্রী কামরুন নাহার, বাবা সামসুদ্দিন মুন্সি এবং মা মনোয়ারা বেগম। সরকারি খাসজমি চান্দিভিটির জন্য একসনা বন্দোবস্ত (ডিসিআর) নিয়ে বন্দোবস্তের শর্ত ভেঙে দোতলা পাকা বাড়ি নির্মাণ করায় কেন বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে নোটিশে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব আলম এই নোটিশে ৩১ জুলাই সই করেছেন। বিবাদীদের ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।গলাচিপার উলানিয়া বন্দরের উলানিয়া মৌজার অকৃষি ওই খাসজমি চান্দিভিটির জন্য ২০০৭-০৮ সালে একসনা বন্দোবস্ত নিয়েছিলেন সাংসদ রনিসহ বিবাদী চারজন। পরে বন্দোবস্তের শর্ত ভেঙে ২০০৮ সালে সেখানে দোতলা পাকা বাড়ি নির্মাণ করা হয়। এ নিয়ে গত ২৬ জুলাই প্রথম আলোয় ‘সরকারি জমিতে সাংসদ রনির দোতলা বাড়ি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।গলাচিপা উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, নোটিশের চার বিবাদীর মধ্যে সাংসদ রনির বাবা সামসুদ্দিন মুন্সি ২০১০ সালের নভেম্বর মাসে মারা যান। সাংসদ রনি একটি মামলায় বর্তমানে কারাবন্দী রয়েছেন। আর অপর দুই বিবাদী সাংসদের স্ত্রী কামরুন নাহার এবং মা মনোয়ারা বেগম এলাকায় নেই। ফলে কয়েক দিন চেষ্টা করেও তাঁদের কাছে নোটিশটি পৌঁছানো যায়নি। এমনকি তাঁদের পক্ষে সেটি গ্রহণ করবেন—এমন কোনো আত্মীয়কেও পাওয়া যায়নি। তাই গতকাল বিকেলে ওই বাড়ির দেয়ালে নোটিশটি সেঁটে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব আলম। তিনি প্রথম আলোকে জানান, গত ২৬ জুলাই সংবাদপত্রে সরকারি জমিতে সাংসদ রনির দোতলা বাড়ি-সম্পর্কিত প্রতিবেদন প্রকাশের পর পটুয়াখালী জেলা প্রশাসন বিষয়টি খতিয়ে দেখতে মৌখিকভাবে নির্দেশ দেয়। এরপর তাঁরা তদন্ত করে ঘটনার সত্যতা পান।মাহবুব আলম জানান, স্থানীয় ভূমি কার্যালয়ের কাগজপত্র যাচাই করে দেখা গেছে, ২০০৭-০৮ সালে গলাচিপার উলানিয়া বন্দরের উলানিয়া মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ৩১৪/১৬ নম্বর দাগে রনির নামে আধা শতাংশ ও তাঁর স্ত্রী কামরুন নাহারের নামে আধা শতাংশ, ৩১৪/১৬ এবং ২/৫৪ নম্বর দাগে রনির বাবা সামসুদ্দিন মুন্সির নামে আধা শতাংশ এবং মা মনোয়ারা বেগমের নামে আধা শতাংশ—এই মোট দুই শতাংশ জমি চান্দিভিটির জন্য একসনা বন্দোবস্ত দেওয়া হয়। পরে ওই বন্দোবস্ত আর নবায়ন করা হয়নি। তা ছাড়া চান্দিভিটির জন্য অকৃষি খাসজমি একসনা বন্দোবস্তের ক্ষেত্রে প্রধান একটি শর্ত হলো, সেখানে কেউ পাকা স্থাপনা নির্মাণ করতে পারবেন না। এ শর্ত ভাঙলে বন্দোবস্ত বাতিল এবং স্থাপনা উচ্ছেদের বিধান রয়েছে।বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্টের দুই সাংবাদিককে মারধরের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা একটি মামলায় গত ২৪ জুলাই সাংসদ রনি গ্রেপ্তার হন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।