সাংসদ রেজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত হওয়ার পাঁচ দিন পর সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এইচ এম গোলাম রেজার বিরুদ্ধে আজ সোমবার চট্টগ্রামের একটি আদালতে মানহানির মামলা হয়েছে। জাতীয় পার্টির নগর শাখার আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের (৩৩) মামলাটি করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাসানুল ইসলামের আদালতে ওই মামলা করা হয়।আদালত মামলা গ্রহণ করেন এবং ঘটনা তদন্ত করতে নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী লিটন কান্তি গুহ প্রথম আলো ডটকমকে বলেন, ‘আদালত আগামী ১৮ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।’বাদী আবু তাহের প্রথম আলো ডটকমকে বলেন, ‘এইচ এম রেজা “দৈনিক ইত্তেফাক”সহ বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বক্তব্যে এইচ এম এরশাদকে মিথ্যাভাবে হেয় প্রতিপন্ন করেছেন। এ কারণে তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছি।’ মামলায় সাতজনকে সাক্ষী করা হয়েছে।মামলার আর্জিতে উল্লেখ করা হয়, ‘গত ৩ অক্টোবর দৈনিক ইত্তেফাকের ২৩ পৃষ্ঠায় প্রকাশিত সংবাদে এইচ এম রেজা বলেন, সৌদি আরবে এরশাদের ব্যবসা রয়েছে। এই ব্যবসার নামে তিনি অনেকের সঙ্গেই প্রতারণা করেন। স্ত্রী থাকাকালে বিদিশার ব্যাংক হিসাবে চার লাখ ৯৯ হাজার পাউন্ড স্থানান্তর করেছেন, যা মানি লন্ডারিং। এ জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাও করেছে, যা বিচারাধীন।’উল্লেখ্য, গত শনিবার সাংসদ এইচ এম গোলাম রেজাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়। এর আগে প্রতারণার অভিযোগ এনে ২ অক্টোবর তাঁকে দলের সভাপতিমণ্ডলীর সদস্যপদ ও সংসদীয় দলের হুইপের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরশাদের ব্যক্তিগত ব্যবসা ও সম্পত্তি বেহাত করার কারণে তাঁর বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়। গোলাম রেজাকে ১৯৯৭ সালে একান্ত সচিব (পিএস) নিয়োগ দেন এরশাদ। পরে দলীয় মনোনয়নে সাংসদ নির্বাচিত হন রেজা।