মহাজোটের প্রধান শরিক আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে সম্প্রতি লাঞ্ছিত হয়েছেন জাতীয় পার্টির সাংসদ আবুল কাশেম, আবু তালহা ও এ এইচ এম গোলাম রেজা। আরও কয়েকজন সাংসদও লাঞ্ছিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদের কাছে। এ অবস্থায় দলের সাংসদদের নিরাপত্তা ও তাঁদের সম্মান রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যাতে সরকার নেয়, সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।আজ বুধবার জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সভায় সিদ্ধান্ত হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় দলের জ্যেষ্ঠ নেতা এবং কয়েকজন সাংসদও থাকবেন। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের সভাপতিমণ্ডলীর ৪১ জন সদস্য ও ২৬ জন সাংসদ উপস্থিত ছিলেন। সূত্র জানায়, সভায় বেশ কয়েকজন সাংসদ রাগত স্বরে বলেন, নিজেদের আত্মসম্মান বিকিয়ে এভাবে জোট রক্ষার মানে কি, সেটি তাঁদের বোঝার প্রয়োজন আছে। তবে এইচ এম এরশাদ তাঁদের ধৈর্য ধরার অনুরোধ জানান এবং ভবিষ্যতে তাঁরা যেন শাসক দলের সহযোগিতা পান সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ সংশ্লিষ্ট ব্যক্তিরা নেবে, এ আশাবাদ ব্যক্ত করেন।সভায় গঠনতন্ত্র সংশোধন করতে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির আলোকে ঠিক হয় জাতীয় ছাত্রসমাজ ও জাতীয় শ্রমিক পার্টির সঙ্গে জাতীয় পার্টির কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না। পাশাপাশি দলের চেয়ারম্যান দলীয় নেতাদের নির্দেশ দেন ভবিষ্যতে এমন কোনো কথা বলা যাবে না, যাতে দলের রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন মহলে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়।দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, মহাজোটের ঐক্য যাতে অটুট থাকে, সে ব্যাপারে তাঁরা সজাগ আছেন। তবে দলের সাংসদদের নিরাপত্তা ও তাঁদের সম্মান যাতে ঠিক থাকে, সে জন্য তিনিসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে বৈঠকে স্থির হয়েছে।