সাংসদ লুৎফুল হাই আর নেই
আওয়ামী লীগের সাংসদ এবং বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি লুৎফুল হাই (সাচ্চু) আর নেই। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি হূদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ লুৎফুল হাই সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের নিজ বাড়িতে হঠাৎ অসুস্থবোধ করলে তাঁকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।লুৎফুল হাইয়ের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, এ মৃত্যুর মধ্য দিয়ে জাতি দেশের গণতন্ত্র উদ্ধার আন্দোলনের একজন নেতাকে হারাল। প্রধানমন্ত্রী বলেছেন, মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের সাহসী ভূমিকার জন্য দেশবাসী লুৎফুল হাইকে চিরদিন মনে রাখবে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। সেখান থেকে হেলিকপ্টারযোগে মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে। বাদ আসর স্থানীয় কাজীপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। লুৎফুল হাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, এইচ টি ইমাম, মহীউদ্দীন খান আলমগীর, সাহারা খাতুন, মাহবুব-উল-আলম হানিফসহ দলের শীর্ষ নেতারা তাঁর বাসভবনে ছুটে যান। লুৎফুল হাইয়ের মুত্যুর খবরে তাঁর নির্বাচনী এলাকাসহ পুরো ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে এসেছে। বিপুলসংখ্যক নেতা-কর্মী ভিড় জমিয়েছেন তাঁর মৌলভীপাড়ার বাসভবনে। সাংসদ লুৎফুল হাই ১৯৪০ সালের ১০ আগস্ট পাবনায় জন্মগ্রহণ করেন। ষাটের দশকের শুরুতে ছাত্র রাজনীতির মাধ্যমে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। মুক্তিযুদ্ধে তিনি পূর্বাঞ্চলীয় গেরিলা উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে তিনি গণপরিষদ (প্রাদেশিক পরিষদ) এবং ২০০৮ সালে সাংসদ নির্বাচিত হন। মৃত্যুর আগে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।লুৎফুল হাইয়ের মৃত্যুতে আরও শোকবার্তা পাঠিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্পিকার আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, চিফ হুইপ আব্দুস শহীদ, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ প্রমুখ।