সাংসদ শহীদউদ্দিন চৌধুরীসহ আগাম জামিন পেলেন ১৩ জন
সাংসদ শহীদউদ্দিন চৌধুরীসহ বিএনপি এবং এর সহযোগী সংগঠনের ১৩ জনের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। হরতালে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ছাত্রলীগের সমাবেশের অদূরে বোমা বিস্ফোরণের ঘটনায় করা পৃথক তিনটি মামলায় তাঁদের জামিন মঞ্জুর করা হয়।জামিনপ্রাপ্ত অন্যদের মধ্যে আরও রয়েছেন ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান।ওই ১৩ জনের করা জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি এ এন এম বশিরুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগাম জামিন মঞ্জুর করেন।চার সপ্তাহের জন্য তাঁদের আগাম জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন তাঁদের আইনজীবী আনোয়ারুল ইসলাম।হরতালে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে শহীদউদ্দিন চৌধুরী, সুলতান সালাউদ্দিন, সাইফুল আলমসহ আটজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করে পুলিশ। এই মামলায় তিনজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।একই অভিযোগে ১১ জুন রমনা থানায় সুলতান সালাউদ্দিন, হাবিবুন নবী খানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান। এই মামলায় ১১ জনেরই জামিন মঞ্জুর করা হয়েছে।ছাত্রলীগের সভাস্থলের অদূরে বোমা বিস্ফোরণের অভিযোগে ১২ জুন শাহবাগ থানায় সুলতান সালাউদ্দিনসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় শুধু সুলতান সালাউদ্দিন জামিন পান।আদালতে আবেদনকারীদের পক্ষে মওদুদ আহমদ ও আনোয়ারুল ইসলাম মামলা পরিচালনা করেন।