সাংসদ শামসুল ইসলামের জামিন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখার আমির ও চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আ ন ম শামসুল ইসলামের জামিন বাতিল হওয়ায় সংগঠনটি আজ বুধবার চট্টগ্রামে আধা বেলা হরতালের ডাক দিয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গাড়ি পোড়ানোর একটি মামলার অভিযোগপত্র গ্রহণ করে প্রধান আসামি শামসুল ইসলামের জামিন বাতিল করেন। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।শামসুল ইসলামের জামিন বাতিলের খবর ছড়িয়ে পড়লে জামায়াতের নেতা-কর্মীরা চেরাগি পাহাড় এলাকায় জড়ো হন। সেখান থেকে ৪৫-৫০ জন নেতা-কর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। এরপর তাঁরা জামালখানের সিড়িসংলগ্ন সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখান থেকে আজ বুধবার হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। গতকাল জামায়াত-শিবিরের মিছিল ও সমাবেশের স্থায়িত্ব ছিল মাত্র পাঁচ-ছয় মিনিট। কর্মসূচি ঘোষণার পর তাঁরা জামালখান এলাকা থেকে দ্রুত সরে পড়েন। নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘সরকারের ইশারায় আমাদের নগর কমিটির আমির এবং এমপি শামসুল ইসলামের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। এর প্রতিবাদে আমরা বুধবার চট্টগ্রামে আধা বেলা হরতাল ডেকেছি।’পুলিশ সূত্র জানায়, ১৩ মে নগরে পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকেরা ওই দিন তিনটি প্রাইভেট কারে আগুন লাগিয়ে দেন। ভাঙচুর করেন আরও শতাধিক গাড়ি। এ ঘটনায় কোতোয়ালি থানায় চারটি এবং খুলশী থানায় দুটি মামলা হয়।পুলিশ সূত্র জানায়, কোতোয়ালি থানায় করা দ্রুত বিচার আইনের দুটি মামলায় অভিযোগপত্র আদালতে দাখিল হয় ২৩ মে। একটি মামলায় সাংসদ শামসুল ইসলামসহ জামায়াত-শিবিরের ২৩ জনকে আসামি করা হয়। অন্যটিতে বিএনপির নগর কমিটির সাধারণ সম্পাদকসহ ৩০ নেতা-কর্মীকে আসামি করা হয়।আদালত সূত্র জানায়, সাংসদ শামসুল ইসলামসহ ২৩ জনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্রের ওপর গতকাল মহানগর হাকিম আদালতে শুনানি হয়। আদালত জামায়াত-শিবিরের সব আসামির বিরুদ্ধে আনা অভিযোগ গ্রহণ করেন এবং শামসুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানির সময় অন্য ২২ আসামি উপস্থিত ছিলেন না। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। উল্লেখ্য, কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে করা মামলায় সাংসদ শামসুল ইসলাম উচ্চ আদালত থেকে এক সপ্তাহের আগাম জামিন পান ২১ মে। মেয়াদ শেষ হলে তিনি গত সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন। মহানগর হাকিম অভিযোগপত্রের ওপর শুনানির আগ মুহূর্ত পর্যন্ত সাংসদের জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন। ফলে সাংসদ জামিনের মেয়াদ বাড়ানোর সুবিধা মাত্র এক দিন ভোগ করতে পেরেছেন।