সাংসদ শাহরিয়ারের প্রতিবাদ ও প্রথম আলোর বক্তব্য
২২ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত ‘পুলিশ পাহারায় এলাকায় যেতে হয় সাংসদ শাহরিয়ারকে’ শীর্ষক সংবাদের প্রতিবাদ করেছেন রাজশাহী-৬ আসনের সাংসদ শাহরিয়ার আলম। তিনি এই সংবাদকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।সাংসদের প্রতিবাদের সঙ্গে প্রথম আলোর বক্তব্যও তুলে ধরা হলো।প্রতিবাদে বলা হয়, ‘জনপ্রতিনিধি, মন্ত্রী, আমলাদের নিরাপত্তা দেওয়া পুলিশ প্রশাসনের দায়িত্ব। শুধু আমাকে একা নয়, প্রতিটি থানা তাদের নিজ নিজ সাংসদের এই নিরাপত্তা দিয়ে থাকে। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সদস্যরা কোনোভাবেই সাধারণ মানুষকে আমার কাছ থেকে দূরে রাখার চেষ্টা করে না।’প্রথম আলোর বক্তব্য: সাংসদেরা এলাকায় গেলে সঙ্গে পুলিশ দেওয়ার কোনো নিয়ম নেই। মন্ত্রীরা এই সুবিধা পেয়ে থাকেন। এ ব্যাপারে রাজশাহীর পুলিশ সুপার এস এম রোকন উদ্দিন প্রথম আলোকে বলেন, সাংসদেরা মন্ত্রীর মতো পুলিশ প্রটোকল পান না। একজন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার কারণে পুলিশি নিরাপত্তা চাইলে যে ধরনের নিরাপত্তা পান, একজন সাংসদও তাই পাবেন।প্রতিবাদপত্রে বলা হয়, ‘আওয়ামী লীগের একটি বড় অংশ সাংসদের বিরুদ্ধে, যা মোটেও সত্য নয়। চারঘাট উপজেলা আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক রায়হানুল হকসহ তিনজন ছাড়া ৭১ সদস্যের কমিটির সবাই তাঁর পক্ষে। সংসদ ও উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় তাঁদের অব্যাহতি দেওয়া হয়।’আর গত ২৪ নভেম্বর চারঘাটে সাংসদের বিরুদ্ধে হরতাল সম্পর্কে বলা হয়েছে, যাত্রা অনুষ্ঠান আয়োজনের অনুমতি না দেওয়ায় চারঘাট পৌর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি মোজাফফর হোসেন সেই সময় এই হরতাল ডেকেছিলেন। তবে হরতাল পালিত হয়নি।প্রথম আলোর বক্তব্য: উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি দিতে হলে জেলা হয়ে কেন্দ্রের অনুমোদন লাগে। কিন্তু তা না করে রাজশাহী শহরে একটি সভা ডেকে রায়হানুল হককে বহিষ্কার করা হয়। তা ছাড়া ৭১ সদস্যের নতুন কমিটি কেন্দ্র অনুমোদন করেনি।পৌর সভাপতিকেও একইভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন সাংসদের অব্যাহতি দেওয়া কমিটি দিয়েই চলছে চারঘাট আওয়ামী লীগ।প্রতিবাদপত্রে বলা হয়, শিবপুর ভকেশনাল কারিগরি বিদ্যালয়কে এমপিওভুক্ত করার সুপারিশ সাংসদ করেননি। তা ছাড়া চারঘাট পাইলট উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদ থেকে রায়হানুল হককে বাদ দিতে সাংসদ চাপ দেননি।গত সংসদ নির্বাচনে রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের তৃণমূলের ভোটের সময় রায়হানুল হকের ভয়ভীতির কারণে নেতা-কর্মীরা ভোটই দিতে পারেননি। ফলে তৃণমূলের ভোটে সাংসদের নাম থাকার প্রশ্নই ওঠে না।প্রতিবাদে আরও বলা হয়, চারঘাট পৌরসভা নির্বাচনে বিজয়ী মেয়র নার্গিস খাতুন আওয়ামী লীগের প্রার্থী ছিলেন না। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।আর টিআর-কাবিখার ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২০টির অস্তিত্ব না পাওয়ার খবর ভিত্তিহীন। আসলে ওই প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে নিবন্ধিত নয়।প্রথম আলোর বক্তব্য: রায়হানুল হক গত নির্বাচনের আগে আওয়ামী লীগের তৃণমূলের ভোটে নির্বাচিত হয়েছেন, এমন প্রমাণ রয়েছে। ওই ভোটে অংশ নেননি বর্তমান সাংসদ। আর টিআর-কাবিখার তালিকা প্রতিবেদকের কাছে রয়েছে। ওখান থেকে খুঁজে ২০টি প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি।আরও প্রতিবাদ: প্রকাশিত সংবাদের অন্য অংশের প্রতিবাদ জানিয়েছেন চারঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই তিনি রাজনীতি করেন। সাংসদ শাহরিয়ার আলমের ব্যক্তিগত কর্মচারী তিনি নন। তবে তিনি ও তাঁর ভাইদের নাম লিখে টিআর-কাবিখার অর্থ বরাদ্দ সম্পর্কে তিনি কিছু বলেননি।