সাংসদ শেখ আফিলের বিরুদ্ধে ওসিকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-১ আসনের আওয়ামী লীগের সাংসদ শেখ আফিল উদ্দীন গতকাল রোববার বিকেলে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হককে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।বিএনপির কর্মী আবদুল হামিদ হত্যার ঘটনায় আওয়ামী লীগের ১৬ জন কর্মী-সমর্থকের বিরুদ্ধে মামলা নিলে সাংসদ ক্ষুব্ধ হয়ে ওসিকে তাঁর জুট মিলের কার্যালয়ে ডেকে নিয়ে এ ঘটনা ঘটান বলে জানা গেছে। এ ঘটনায় ওসি এনামুল তাঁর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।মারধরের অভিযোগ অস্বীকার করে সাংসদ আফিল উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘মারধরের কোনো ঘটনা ঘটেনি। আমি শুধু ওসিকে ডেকে বলেছি, একটি মার্ডার কেস হলো। আমাকে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের নামে মামলা দিলে কেন? আমাকে জানালে তো তোমাকে আরও বেশি সহযোগিতা করতে পারতাম।’জানা যায়, গত শনিবার রাতে শার্শা উপজেলার পারুই খুপি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসীরা বিএনপির কর্মী আবদুল হামিদকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় হামিদের ভাই আবদুল খালেক গতকাল আওয়ামী লীগের ১৬ জন কর্মী-সমর্থকের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ গ্রেপ্তার করে এজাহারভুক্ত আসামি মহির মোল্লাকে। এতে ক্ষুব্ধ হয়ে সাংসদ গতকাল বিকেলে শার্শা বাজারে তাঁর আকিজ জুট মিলের কারখানায় ওসিকে ডেকে পাঠান। ওসি এনামুল, উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানসহ পুলিশের ছয়জন সদস্য বিকেল সাড়ে চারটার দিকে তাঁর কারখানায় যান।ওসি এনামুল প্রথম আলোকে জানান, ‘মামলার কপিসহ এমপি শেখ আফিল উদ্দীন তাঁর জুট মিলের অফিসে ডেকে নিয়ে বলেন, তোর বাপরে না জানিয়ে বিএনপির কর্মীদের মামলা নিলি কেন? ওই মামলায় আমার লোকজনকে ফাঁসিয়ে কাজটি তুই ভালো করিসনি। এ কথা বলার পর তাঁর (সাংসদ) পাশে থাকা আওয়ামী লীগের কর্মী আবু মুসা দৌড়ে এসে আমাকে দুটি লাথি মারেন। এ সময় সাংসদ এসে গালে একটি থাপ্পড় মারেন এবং জামা ছিঁড়ে দেন। এরপর দৌড়ে রাস্তায় আসার সময় এমপি সাহেব তাঁর লোকদের বলেন, ধরে নিয়ে আয়। তখন মুসা দৌড়ে এসে জামার কলার ধরে টানতে টানতে আবার মিলে নিয়ে যান। এ সময় তিনি বলেন, কাল (আজ সোমবার) সকালের মধ্যে শার্শা থানা না ছাড়লে আমার লোকজন দিয়ে তোকে খুন করাব। এ সময় ঘটনাস্থলে থাকা থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানসহ দু-তিনজন পুলিশ আমাকে উদ্ধার করেন।’ ঘটনার এই বর্ণনা ওসি তাঁর জিডিতে উল্লেখ করেছেন বলে প্রথম আলোকে জানান।ওসি এনামুল বলেন, বিষয়টি তিনি পুলিশ সুপার দিদার আহম্মেদ, সহকারী পুলিশ সুপার এস এম শফিউল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা উপপরিদর্শক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় সাংসদকে বলেছি, জনপ্রতিনিধি হয়ে আপনারা একজন পুলিশ কর্মকর্তার জামার কলার ধরে মারলে আমরা কাদের কাছে গিয়ে দাঁড়াব? কলার ছাড়ুন, ওসি স্যারকে আমরা নিয়ে যাচ্ছি।’পুলিশ সুপার দিদার আহম্মেদ বলেন, ‘ওসিকে লাঞ্ছিত করার ঘটনাটি আমাকে জানানো হয়েছে। আমি বিষয়টি পুলিশের উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।’যোগাযোগ করা হলে শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘ওসি তাঁকে মারধর করার বিষয়টি জানিয়েছেন। যদি এমনটি হয়, তবে তা দুঃখজনক।’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, ‘জানতে পেরেছি, ওসি এনামুল এমপি সাহেবকে বলেছেন যে কার বিরুদ্ধে মামলা নিতে হবে তা কারও কাছে শুনতে হবে নাকি? তিনি (সাংসদ আফিল) হচ্ছেন দেশের আইনসভার সদস্য। তাঁর সঙ্গে এভাবে কথা বললে তাঁর একটু মানসম্মানে লাগে। তবে মারধরের ঘটনাটি সত্য নয়।’