সাংসদকে চার বাড়ির বিষয়ে নথিপত্র দাখিলের নির্দেশ
জয়পুরহাট-১ আসনের বিরোধীদলীয় সাংসদ মোজাহার আলী প্রধানের হলফনামায় তথ্য গোপনের সত্যতা যাচাইয়ে চার বাড়িসংক্রান্ত কাগজপত্র দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।হাইকোর্টের নির্দেশে আগামী ১৪ জুন জয়পুরহাট সদরের সহকারী কমিশনার (ভূমি) ও সাব রেজিস্ট্রারকে এ-সংক্রান্ত দলিলের ভলিউম, রেকর্ডসহ কাগজপত্র নিয়ে হাজির হতে বলা হয়েছে।জানা গেছে, বিএনপিদলীয় সাংসদ মোজাহার আলী প্রধান হলফনামায় তথ্য গোপন করেছেন—এমন অভিযোগে তাঁর সদস্যপদ বাতিলের দাবিতে ওখানকার ভোটার কাউসারুজ্জামান গত বছরের ডিসেম্বরে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত ১ ডিসেম্বর রুল জারি করেন। রুলে কোন ক্ষমতাবলে মোজাহার আলী প্রধান দায়িত্ব পালন করছেন, তা জানতে চাওয়া হয়। রুলের ওপর শুনানিকালে আদালত ওই নির্দেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ২০০৯ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে নির্বাচনের আগে প্রার্থীকে হলফনামা দাখিল করতে হয়। মোজাহার আলী প্রধান তাঁর হলফনামায় একটি বাড়ি রয়েছে বলে উল্লেখ করেন। প্রকৃতপক্ষে তাঁর আরও চারটি বাড়ি আছে। এতে তিনি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা ওই চার বাড়িসংক্রান্ত প্রমাণ আদালতে দাখিল করেছি। আদালত চারটি বাড়ির দলিলের ভলিউম ও রেকর্ড ১৪ জুন উপস্থাপন করতে নির্দেশ দিয়েছেন।’