লাঠি হাতে শত শত কর্মী নিয়ে হাসপাতালে চড়াও হওয়ার ঘটনায় জাতীয় পার্টির সাংসদ আসিফ শাহরিয়ারের বিরুদ্ধে মামলা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী ইউনিয়নের দুই নেতা শনিবার রাতে কোতোয়ালি থানায় মামলাটি করেন।সাংসদ কয়েকটি ট্রাকভর্তি কর্মী-সমর্থক নিয়ে গত শনিবার হাসপাতালের পরিচালককে ঘেরাও করতে যান। জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাতিজা সাংসদ শাহরিয়ার কর্মচারী নিয়োগে কোটা দাবি করে হাসপাতালে চড়াও হন। সংঘর্ষের কারণে চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায় এবং রোগীরা দিগ্বিদিক ছুটে পালায়। গতকাল হাসপাতালের পরিবেশ ও চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক ছিল। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বলেন, হাসপাতালের কর্মচারী ইউনিয়নের সভাপতি আনিছুল হক ও সাধারণ সম্পাদক মশিউর রহমান যৌথভাবে বাদী হয়ে সাংসদকে প্রধান আসামি করে মামলা করেছেন।মামলায় বলা হয়েছে, সাংসদ ১০ ট্রাকভর্তি কর্মী নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালান। তাঁকে প্রধান আসামি করা হয়েছে। শনিবার হাসপাতালে তাণ্ডব চালানোর সময় কর্মচারীদের পাল্টা হামলায় আহত হন রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের ওই সাংসদ। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভিআইপি কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাঁর চিকিৎসার জন্য হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান লুৎফর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের চিকিৎসক দল গঠন করা হয়েছে। লুৎফর রহমান গতকাল সকালে প্রথম আলোকে বলেন, সাংসদের অবস্থা ভালো। মাথার সামনে ও পেছনে ১২টি সেলাই পড়েছে। শিগগিরই তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন।সাংসদ আসিফ শাহরিয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের বলেন, ‘আমি সুস্থ হয়ে উঠি। এরপর কী করা যায়, ভেবে দেখব।’