দলীয় সাংসদদের কঠোরভাবে আইন ও বিধিবিধান মেনে চলার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বিধান শিথিল করতে দলীয় সাংসদদের প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি।দলীয় সাংসদদের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘বিএনপির অনিয়ম-দুঃশাসনের জন্যই জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। তারা খারাপ কাজ করেছে বলে আমরা করব কেন? তাহলে দেশের ভবিষ্যত্ কী?’গতকাল সোমবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনা দলীয় সাংসদদের উদ্দেশে এসব কথা বলেন। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্রমতে, সাংসদেরা প্রস্তাব দেন, চাকরির ক্ষেত্রে নানা নিয়মকানুনের দোহাই দিয়ে আওয়ামী লীগের লোকজনদের নেওয়া হয় না। অথচ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সবকিছু দলীয়ভাবে করেছে। এ ক্ষেত্রে নিয়মকানুন শিথিল করার কথা বলেন তাঁরা। তবে প্রধানমন্ত্রী সাংসদদের এসব প্রস্তাব নাকচ করে দেন। সাংসদদের নিজের এলাকায় যোগাযোগ আরও বাড়ানোর নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যর্থতার দায় নিয়ে যাতে আগামী সংসদে কাউকে বিদায় নিতে না হয়, সেটি খেয়াল রাখবেন।’ শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দলের অধিকাংশ মন্ত্রী ও সাংসদ যোগ দেন। ৫০ মিনিটের বৈঠকে সংসদের এক বছর পূর্তিতে সরকারের সফলতা ছাড়াও প্রধানমন্ত্রী আগামী দিনগুলোতে সদস্যদের সামনে করণীয় নিয়েও নির্দেশনা দেন।শেখ হাসিনা বলেন, বিএনপির নেতৃত্বাধীন বিগত চারদলীয় জোট সরকারের আমলে অনেকে আইনের ঊর্ধ্বে উঠে কাজ করেছেন। এ জন্য তাদের বদনাম হয়েছে। জনগণ নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করেছে। বৈঠক শেষে চিফ হুইপ আবদুস শহীদ সাংবাদিকদের বলেন, সংসদের এক বছর পূর্তি উপলক্ষে সংসদ নেতা সবাইকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, সভায় জানানো হয়েছে, এক বছরে সরকার ৩১৭টি সিদ্ধান্ত নিয়েছে। এগুলোর মধ্যে ১৮৩টি বাস্তবায়িত হয়েছে। বাকিগুলো বাস্তবায়নের অপেক্ষায় আছে।আবদুস শহীদ বলেন, সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনাকালে সদস্যরা যাতে সরকারের সফলতাগুলো উল্লেখ করেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন। সভায় একাধিক সদস্য বিরোধী দলের সমালোচনা করতে চাইলে প্রধানমন্ত্রী তাঁদের থামিয়ে দিয়ে বলেন, ‘বিরোধী দল সংসদে এসে সরকারের সমালোচনা করুক। আমরা তাদের স্বাগত জানাব।’বৈঠক সূত্র জানায়, অনেকেই শুল্কমুক্ত গাড়ি নেওয়ার ক্ষেত্রে নিয়মকানুন শিথিলের দাবি করেন। কিন্তু প্রধানমন্ত্রী এতে সায় দেননি। বর্ধিত সভায় সাংসদদের প্রস্তুত হয়ে আসার পরামর্শ: বৈঠকে প্রধানমন্ত্রী দলের কেন্দ্রীয় বর্ধিত সভায় দলীয় সাংসদদের আমন্ত্রণ জানান। তবে তিনি তাঁদের সতর্ক করে বলেন, গত এক বছরে সাংসদদের অনেকের বিরুদ্ধে মাঠ পর্যায়ের নেতাদের অভিযোগ আছে। বর্ধিত সভায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ এলে জবাব দিতে হবে। এ ক্ষেত্রে তিনি সবাইকে প্রস্তুত হয়ে আসার নির্দেশ দেন। বিরোধী দলকে সংসদে ফিরিয়ে আনতে সরকারি দল কোনো উদ্যোগ নেবে কি না—প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, সংসদীয় পদ্ধতিতে সংসদ বর্জন হতে পারে। কিন্তু জনগণকে যে ওয়াদা দিয়ে বিরোধী দলের সদস্যরা নির্বাচিত হয়ে এসেছেন, তার প্রতি শ্রদ্ধা রেখেই তাঁদের সংসদে আসা উচিত।সভায় ৩০ জানুয়ারি দলের বর্ধিত সভায় সব সদস্যকে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৈঠকের শুরুতে সাংসদ তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকসহ আটজন বক্তব্য দেন।