সাংসদদের ঈদ ও ভোটারদের প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত ও অসংরক্ষিত মিলে বর্তমানে সাংসদ আছেন ৩৪৪ জন। তানজিম আহমদ সোহেল তাজ পদত্যাগ করায় গাজীপুরের একটি আসন শূন্য রয়েছে।সাংসদেরা আমাদের জনপ্রতিনিধি, তাঁরা আমাদের আইনপ্রণেতা। তাঁরা জনগণের ভাগ্যনিয়ন্তা। কিন্তু অধিকাংশ জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে জনগণের ভাগ্যের পরিবর্তন করার চেয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনে অনেক বেশি মনোযোগী হন। তাঁরা শুল্কমুক্ত গাড়ি নেন, ঢাকায় বাড়ি থাকা সত্ত্বেও বিশেষ বিবেচনায় প্লট-ফ্ল্যাট নেন। বিরোধী দলের সাংসদেরা অধিবেশনে না গিয়েও বেতন-ভাতা নেন। সরকারদলীয় সাংসদেরা সচিবালয়ে তদবির করেন। কেউবা আইনের নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকারের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করেন।আমাদের এই জনপ্রতিনিধিদের এবারের ঈদটি কেমন হবে? আগাম নির্বাচন হলে এটিই হয়তো হবে নবম সংসদের সাংসদদের শেষ ঈদুল ফিতর। আর নির্ধারিত সময়ে নির্বাচন হলে আরও একটি ঈদুল ফিতর তাঁরা পাবেন।ঈদের আগে একটি পত্রিকার খবর ছিল, এ বছর প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা হিসেবে মহাজোটের সব সাংসদকে তাঁদের নির্বাচনী এলাকায় বিতরণের জন্য শাড়ি, লুঙ্গি দিলেও তা থেকে বিরোধীদলীয় সাংসদদের বঞ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী এসব সামগ্রী যদি দলীয় বা ব্যক্তিগত তহবিল থেকে দিয়ে থাকেন, তাহলে বিরোধী দলের সাংসদদের কিছু বলার থাকতে পারে না। কিন্তু যদি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়ে থাকে, তাহলে বিরোধী সাংসদদেরও তা প্রাপ্য ছিল। প্রধানমন্ত্রী কেবল মহাজোটের সাংসদদের নির্বাচনী এলাকার প্রধানমন্ত্রী নন, তিনি সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী।তবে গরিব মানুষের ত্রাণসামগ্রী বিতরণের ক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রীই প্রথম এ ধরনের বৈষম্যমূলক আচরণ করেছেন, তা নয়, এটি চলে আসছে আগের চারদলীয় জোট সরকার ও তার আগের আওয়ামী লীগ সরকার এবং তারও আগের বিএনপি সরকারের আমল থেকে। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আদর্শগত ফারাক যতই থাকুক না কেন, গরিব মানুষকে ঠকানোর ব্যাপারে তারা একাট্টা।প্রশ্ন হলো, বিরোধী দলের সাংসদেরা অন্যায় করতে পারেন, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বাসে আগুন দেওয়ার ঘটনায় তাঁদের মদদ থাকতে পারে, কিন্তু ওই সব সংসদীয় এলাকার ভোটাররা তো বিরোধী দলকে ভোট দিয়ে কোনো অপরাধ করেননি। তাহলে গরিব মানুষকে কেন শাস্তি দেওয়া হবে? প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিজ দলীয় ও জোটীয় সাংসদদের জন্য এই ঈদ উপহার কি তাঁদের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবে? জনপ্রিয়তার ধস ঠেকাতে পারবে? চারদিকে যেসব খবরাখবর পাওয়া যাচ্ছে, তাতে ভরসা পাওয়া যাচ্ছে না।প্রায় প্রতিটি নির্বাচনী এলাকায় দলের ভেতরে একাধিক গ্রুপ দাঁড়িয়ে গেছে। যাঁরা সুবিধা পেয়েছেন, তাঁদের একটি গ্রুপ। আর যাঁরা পাননি, তাঁদের আলাদা গ্রুপ। তাঁদের মনোভাব হলো, ‘নির্বাচন এলে দেখিয়ে দেব।’ইতিমধ্যে সরকারের মেয়াদ তিন বছর সাড়ে সাত মাস পার হয়ে গেছে। বাকি আছে এক বছর সাড়ে চার মাস। সাধারণ ভোটাররা জানতে চাইবেন, সাংসদেরা যেসব প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছিলেন, তার কত ভাগ পূরণ করতে পেরেছেন, কত ভাগ পারেননি। অধিকাংশ সাংসদের কাজকর্মে ভোটাররা হতাশ, দলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ। ভোটারদের সেই হতাশা ও দলীয় নেতা-কর্মীদের ক্ষোভ প্রশমনের কোনো উদ্যোগ আছে বলে মনে হয় না।বিরোধীদলীয় সাংসদেরা হয়তো কৈফিয়ত দেবেন, ‘সরকার আমাদের কাজ করতে দেয়নি, তাই আপনাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারিনি। কিন্তু ক্ষমতাসীন দল ও জোটের সাংসদেরা কী বলবেন? তাঁরা হয়তো এলাকার উন্নয়ন না হওয়ার জন্য বিশ্বব্যাংককে দুষবেন। বিরোধী দলের ওপর দায় চাপাবেন।তাতে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। কে জনগণের জন্য কাজ করছেন, কে জনগণের নাম করে নিজের আখের গোছাচ্ছেন, তা ভোটাররা ভালো করেই জানেন।তাই ধারণা করি, এবারে সাংসদদের নিজ নিজ এলাকায় গিয়ে ঈদের আনন্দ উপভোগ করা সহজ হবে না। ভোটাররা তাঁদের কাছে রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণ জানতে চাইবেন? সেতু-কালভার্ট নির্মিত না হওয়া নিয়ে প্রশ্ন করবেন। জানতে চাইবেন, সাংসদদের দেওয়া প্রতিশ্রুতিগুলো কেন পূরণ হয়নি?এ ধরনের শত প্রশ্নের মুখোমুখি হতে হবে তাঁদের। কী জবাব দেবেন সাংসদেরা?