সাংসদদের উন্নয়ন বরাদ্দের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
নির্বাচনী এলাকার উন্নয়নে প্রত্যেক সাংসদকে ১৫ কোটি টাকা করে সরকারি বরাদ্দের সিদ্ধান্তকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচজনকে আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।গতকাল সোমবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। জানা যায়, ১০ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উন্নয়নকাজের জন্য প্রত্যেক সাংসদকে ১৫ কোটি টাকা করে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চেয়ারম্যান আনোয়ারুল হক ৮ আগস্ট হাইকোর্টে রিট দায়ের করেন। তাতে বলা হয়, সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদ অনুযায়ী স্থানীয় উন্নয়নের বিষয়টি তদারকি করবেন স্থানীয় প্রতিনিধিরা। সংশোধিত উপজেলা পরিষদ আইন-২০০৯ এর ৪২(৩) ধারায়ও এ বিষয়টি বলা আছে। কিন্তু একনেকের ওই সিদ্ধান্তে এর ব্যত্যয় ঘটেছে। গতকাল এ রিটের ওপর শুনানির পর আদালত রুল জারি করেন। রিট আবেদনকারীর আইনজীবী এম ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, একনেকের ওই সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন।