সাংসদদের এইডস মোকাবিলায় কাজ করতে হবে: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, এইডস বিস্তারের অন্যতম কারণ দারিদ্র্য। প্রাণঘাতী এই রোগ মোকাবিলায় সারা দেশে সাংসদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজ শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সর্বদলীয় সংসদীয় গ্রুপ আয়োজিত বিশ্ব এইডস দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এইডস রোগীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, এখন থেকে এইডস রোগীদের শিক্ষা, স্বাস্থ্য, কাজ ও আইনি অধিকার আদায়ে দেশের অন্য সবার মতো সাংসদদেরও কাজ করতে হবে।সর্বদলীয় সংসদীয় দলের আয়োজন হলেও আজকের এ আয়োজনে বিরোধীদলীয় সদস্যদের কেউ উপস্থিত ছিলেন না। এ প্রসঙ্গে স্পিকার বলেন, ‘অনুষ্ঠানে সরকারি দলের চিফ হুইপ ও বিরোধী দলের চিফ হুইপ কেন এলেন না, তা আমার বোধগম্য নয়।’অনুষ্ঠানে উপস্থিত না থাকা সম্পর্কে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক প্রথম আলোকে বলেন, ‘বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সর্বদলীয় সংসদীয় দলের কোনো আলোচনায় আমরা যাব না।’ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় অন্যান্যের মধ্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খান, সাংসদ ইসরাফিল আলম, সুবিদ আলী ভূঁইয়া, মেহের আফরোজ, মোস্তাক আহমেদ, আকরাম হোসেন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।