সাংসদদের কোটার বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে বেসরকারি স্কুলগুলোতে ভর্তির ক্ষেত্রে সাংসদদের জন্য কোটা প্রবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটের শুনানি মুলতবি করা হয়েছে। আজ সোমবার বিকেলে বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটি দাখিল করা হয়। শুনানিকালে আদালত বলেন, ‘এ বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু সরকার এখনো প্রজ্ঞাপন জারি করেনি। প্রজ্ঞাপন জারির পর বিষয়টি নিয়ে আসুন।’ এরপর আদালত বলেন, ‘মুলতবি করা হলো (অনলি স্ট্যান্ড অর্ডার)।’বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট এবং আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আইনজীবী জেড আই খান পান্না আবেদনটি করেন। আবেদনে কোটা-পদ্ধতির প্রবর্তন কেন বেআইনি হবে না এবং কোটা-পদ্ধতি প্রবর্তন থেকে বিরত থাকতে কেন নির্দেশ দেওয়া হবে না—এ মর্মে রুল চাওয়া হয়েছে। রিট আবেদনে শিক্ষাসচিব এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়, সংবিধানে সমতার কথা বলা আছে। বৈষম্যমূলক সুযোগ-সুবিধা দেওয়া যাবে না। সাংসদদের জন্য কোটা প্রবর্তন বৈষম্যমূলক সিদ্ধান্ত। এতে শ্রেণীবিভাজন হয়েছে।