সাংসদদের ক্ষমতার অপব্যবহার রোধে সংসদে বিল উত্থাপন
সাংসদদের ক্ষমতার অপব্যবহার রোধ ও আচরণ নির্ধারণে জাতীয় সংসদে একটি বেসরকারি বিল উত্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সাংসদ সাবের হোসেন চৌধুরী এই বিল উত্থাপন করেন। বিলে সাংসদদের নৈতিক অবস্থান ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। স্বার্থগত দ্বন্দ্ব ও আর্থিক বিষয়ে সাংসদেরা কোন নীতি অনুসরণ করবেন, সে বিষয়েও এই বিলে নির্দেশনা রয়েছে।ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদে বিলটি উত্থাপনের পর তা বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাবসম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কমিটি বিলটি পরীক্ষা-নিরীক্ষার পর সংসদে প্রতিবেদন দেবে।বিলে বলা হয়েছে, সাংসদেরা নিজেদের দায়িত্ব ও কর্তব্যের প্রতি অবিচল থেকে যাতে কাজ করতে পারেন, সেই লক্ষ্যে এ বিল আনা হয়েছে। সাংসদদের আচরণ ও মূল্যায়ন নিশ্চিত করতে স্পিকারের নেতৃত্বে অনধিক নয়জন সাংসদের সমন্বয়ে একটি নৈতিকতা কমিটি গঠন করা হবে। সংসদের প্রথম অধিবেশনে সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের সদস্যদের আনুপাতিক প্রতিনিধিত্বের সমন্বয়ে এ কমিটি হবে। কমিটি প্রতি মাসে অন্তত একবার বৈঠক করবে। সাংসদদের কোনো আচরণ আইনবিরুদ্ধ হলে যে কেউ তা কমিটিকে জানাতে পারবেন। গণমাধ্যমে অভিযোগ উত্থাপিত হলেও এই কমিটি আমলে নিতে পারবে।সাত মূলনীতি: বিলে বলা হয়েছে, সাংসদেরা দায়িত্ব পালনকালে সাতটি মূলনীতি অনুসরণ করবেন। প্রথমত, সাংসদেরা দায়িত্ব পালনকালে তাঁদের দায়িত্বের সঙ্গে ব্যক্তিগত স্বার্থ সম্পর্কিত থাকলে তা তিনি প্রকাশ করবেন। দ্বিতীয়ত, সাংসদেরা তাঁদের যেকোনো সিদ্ধান্ত ও কাজের ক্ষেত্রে যথাযথ স্বচ্ছতা অবলম্বন করবেন এবং প্রয়োজবোধে শুধু জনস্বার্থের ক্ষেত্রে তথ্যকে সীমাবদ্ধ রাখতে পারবেন। তৃতীয়ত, সাংসদেরা তাঁদের গৃহীত সিদ্ধান্ত ও কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করবেন এবং তাঁরা যেকোনো যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রস্তুত থাকবেন। চতুর্থত, সাংসদেরা তাঁর নিজের ও পরিবারের স্বজনদের কোনো ধরনের আর্থিক সুবিধা বা বস্তুগত সুবিধা লাভের জন্য কিছু করবেন না। পঞ্চমত, সাংসদেরা বাইরের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে এমন কোনো আর্থিক বা অন্য কোনো বাধ্যবাধকতায় সম্পৃক্ত হবেন না, যা তাঁর সংসদীয় দায়িত্ব পালনকে প্রভাবিত করতে পারে। ষষ্ঠত, দায়িত্ব পালনকালে সাংসদেরা নিয়োগ, চুক্তি সম্পাদন, কাউকে পুরস্কার দেওয়া, কোনো ধরনের সুবিধা দেওয়ার সুপারিশসহ যেকোনো কাজে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দেবেন। সপ্তমত, সাংসদেরা এই নীতিগুলোর প্রসার ঘটাবেন।বিলে আরও বলা হয়েছে, সাংসদেরা হবেন আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ এবং সব ধরনের সমাজবিরোধী অপরাধমূলক কাজ থেকে মুক্ত।সাংসদদের দায়িত্ব: বিলে বলা হয়েছে, সংসদের ভেতরে সাংসদেরা কার্যপ্রণালীবিধি অনুযায়ী কাজ করবেন। তাঁরা দায়বদ্ধতার সঙ্গে জনগণের প্রতিনিধিত্ব করবেন, আইন প্রণয়ন করবেন এবং সরকারের জবাবহিদিতা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করবেন। ব্যক্তিগত ও আর্থিক লাভের বিষয়টিকে বিবেচনায় না এনে তাঁরা বস্তুনিষ্ঠভাবে সংসদীয় ও প্রযোজ্য ক্ষেত্রে সরকারি দায়িত্ব পালন করবেন।স্বার্থগত দ্বন্দ্ব ও আর্থিক তথ্য: বিলে বলা হয়েছে, সাংসদেরা নিজের বা অন্যের স্বার্থে অবৈধ ও অসত্ পথ অবলম্বন করবেন না। সাংসদেরা নিজের ও পরিবারের অন্য সদস্যদের সম্পদ ও সম্পদের উত্সসম্পর্কিত তথ্য সংসদের প্রথম অধিবেশনের মধ্যে প্রকাশ করবেন এবং প্রতিবছর তা নবায়ন করবেন। নৈতিকতা কমিটি যাচাই-বাছাই করে তা জনসম্মুখে প্রকাশ করবে।বিলে বলা হয়েছে, সাংসদেরা ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট বিষয় মন্ত্রী, সরকারি কর্মকর্তা বা সরকারি প্রতিষ্ঠানের কাছে উপস্থাপন করতে পারবেন না। সরকারি-বেসরকারি খাতে নিয়োগ, পদোন্নতি, বদলি, জ্যেষ্ঠতা বা অন্য কোনো সিদ্ধান্তে সুবিধা পেতে সাংসদেরা তাঁদের ক্ষমতার অপব্যবহার করে সুপারিশ করবেন না। সরকারি ক্রয়-বিক্রয়, প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নসংক্রান্ত সরকারি নীতিনির্ধারণ বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাংসদেরা কোনো ধরনের প্রভাব বিস্তার করবেন না।আইন লঙ্ঘনের শাস্তি: বিলে উল্লেখ রয়েছে, কোনো সাংসদ এই আইন লঙ্ঘন করলে নৈতিকতা কমিটি তাদের বিবেচনা অনুযায়ী শাস্তির সুপারিশ করে সংসদে প্রতিবেদন উপস্থাপন করতে পারবে। কমিটি গঠিত হওয়ার পর সংসদের মেয়াদ পর্যন্ত এর কার্যক্রম থাকবে। কমিটি প্রতিবছর সংসদে একটি প্রতিবেদন উপস্থাপন করবে।