সাংসদদের জেলা পরিষদে উপদেষ্টার বিধান বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদদের জেলা পরিষদের উপদেষ্টা হওয়ার বিধান বাতিল করার দাবি জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসকেরা। গতকাল সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের মতবিনিময়কালে তাঁরা এসব কথা বলেন। সভায় উপস্থিত একাধিক প্রশাসক সূত্রে এ খবর জানা গেছে। সভায় জেলা পরিষদের প্রশাসকেরা বলেন, আইনে সাংসদদের জেলা পরিষদের উপদেষ্টা করা হয়েছে। স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য আইন সংশোধন করে সাংসদদের উপদেষ্টা হওয়ার বিধান বাতিল করতে হবে। তাঁরা বলেন, অনেক স্থানে সাংসদেরা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। কিন্তু কোনো জেলা পরিষদের প্রশাসকদের সম্পর্কে পত্রপত্রিকায় কোনো নেতিবাচক প্রতিবেদন নেই।সভাসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, জেলা পরিষদের প্রশাসকেরা আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে দলকে ঐক্যবদ্ধ করার ওপর গুরত্বারোপ করেন। তাঁরা দলীয় কোন্দল নিরসনে জেলা পর্যায়ে সভা করার তাগিদ দিয়ে বলেন, স্থানীয় সাংসদ, প্রশাসক ও উপজেলা চেয়ারম্যানদের ঐক্য ও সমন্বয় থাকলে আগামী নির্বাচনেও দল জিতবে।সভার শুরুতেই প্রধানমন্ত্রী একটি নীতিনির্ধারণী বক্তব্য দেন। এরপর রুদ্ধদ্বার কক্ষে তিনি প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেন। এতে ১০-১২ জন প্রশাসক বক্তব্য দেন বলে জানা গেছে।কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আ ম সা আ আমিন বলেন, ‘আইনে প্রশাসকেরা লাভজনক পদে আছেন বলা আছে। তাই তাঁরা নির্বাচন করতে পারবেন না। কিন্তু স্পিকার, প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আমাদের মনোনয়ন দেন বা না দেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন করে এ ধারা বাতিল করা উচিত।’ আরও কয়েকজন প্রশাসক একই কথা বলেন। প্রধানমন্ত্রী এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। প্রশাসকেরা জেলা পরিষদের বরাদ্দ বাড়ানোরও দাবি করেন। একজন প্রশাসক বলেন, এডিপির অর্থের বেশির ভাগই সাংসদেরা নেন। এই অর্থের পুরোটাই জেলা পরিষদের মাধ্যমে বরাদ্দ দেওয়ার কথা দাবি করেন তিনি।প্রধানমন্ত্রী স্থানীয় সরকারকে শক্তিশালী করার ব্যাপারে তাঁর সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, বাজেট, পরিকল্পনা আর তদারকি ছাড়া সবকিছুই স্থানীয় সরকারের হাতে ন্যস্ত করা হবে।মতবিনিময় সভার শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের অধীনে যে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়, তা প্রমাণ করেছি। সুষ্ঠু নির্বাচন করার মতো শক্তি ও সাহস আমাদের আছে। ওদের নেই। বোমা, গ্রেনেড, মানি লন্ডারিং আর দুর্নীতির কারণে তাদের সে সাহস ছিল না।’ তিনি বলেন, ‘বিরোধী দল আমার অধীনে নাকি নির্বাচন করবে না। হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু মানুষ আর কত কষ্ট করবে। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, আমাদের দেশেও সংবিধান অনুসারে সেভাবেই নির্বাচন হবে।’প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়েছে। নির্বাচনকালে স্বরাষ্ট্র, জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচন কশিনের অধীনে থাকবে। ছবিসহ ভোটার তালিকা আছে। কাজেই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, নূহ-উল-আলম লেনিন, কাজী জাফর উল্যাহ, দীপু মনি প্রমুখ।