সাংসদদের নামে বরাদ্দ অবৈধ রিকশাও বিক্রি হচ্ছে ঢাকাতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন সময়ের হিসাবের ভিত্তিতে ধারণা করা হয়, রাজধানী ঢাকায় বৈধর চেয়ে অবৈধ রিকশার সংখ্যা পাঁচ গুণ বা তারও বেশি। এই প্রেক্ষাপটে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ১৯৮৬ সালের পর কোনো রিকশার নিবন্ধন না দিলেও এবং মাঝেমধ্যেই আটক অভিযান চললেও রাজপথে যানটির সংখ্যা কমছে না। কারণ, অপ্রতিহতভাবে নতুন অনুমোদনহীন রিকশা পথে নামছে। এমনকি গ্রামাঞ্চলে পাঠানোর জন্য সাংসদদের বরাদ্দ দেওয়া আটক অবৈধ রিকশাগুলোও বিক্রি হয়ে যাচ্ছে রাজধানীতেই। প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, নিবন্ধন দেওয়ার মালিক ডিসিসি না দিলেও বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা অন্তত ২০টি সংগঠন অবৈধভাবে রিকশার ‘নিবন্ধন’ দিচ্ছে। সংগঠনগুলো তিন মাসের জন্য ৩০০ থেকে ৫০০ টাকার বিনিময়ে ‘লাইসেন্স’ দিয়ে থাকে। ডিসিসি ও রিকশামালিকদের সূত্র জানায়, রাজনৈতিক আশ্রয়ে গড়ে ওঠা যেসব সংগঠন অবৈধভাবে বিভিন্ন সময় কয়েক লাখ রিকশার নিবন্ধন দিয়েছে, সেগুলো হচ্ছে—ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক সমিতি, জাতীয়তাবাদী রিকশা ও ভ্যান মালিক শ্রমিক পরিষদ, মুক্তিযোদ্ধা রিকশা মালিক সমিতি, ঢাকা মহানগর রিকশা মালিক ঐক্যজোট, বাংলাদেশ রিকশা ও ভ্যান মালিক সংগ্রাম পরিষদ, মুক্তিযোদ্ধা পরিবহন কল্যাণ সমিতি, ঢাকা সিটি মুক্তিযোদ্ধা রিকশা-ভ্যান মালিক কল্যাণ সোসাইটি। এসব সংগঠনের নামে রিকশার নম্বর প্লেট রয়েছে এবং সেগুলো রাস্তায় চলাচলও করছে।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা কল্যাণ ও পরিবার পুনর্বাসন সোসাইটি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের স্বাক্ষরসংবলিত প্লেট দিয়ে রিকশা ছেড়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে প্রতিমন্ত্রী ডিসিসিকে সংগঠনটির আবেদন বিবেচনার জন্য সুপারিশ করেছিলেন। জানা গেছে, প্রতিমন্ত্রীর সই করা আবেদন নম্বর প্লেটে তুলে দিয়ে রিকশা চালানো হচ্ছে। মিরপুর এলাকায় এ রকম নম্বর প্লেট দিয়ে প্রচুর রিকশা চলছে। মগবাজার, খিলগাঁও ও মান্ডা এলাকায় দেখা যায় রিকশা-ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নামের রিকশা।মুক্তিযোদ্ধা কল্যাণ ও পরিবার পুনর্বাসন সোসাইটির চেয়ারম্যান হেমায়েত উদ্দীন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, অনুমোদন পাওয়া যায়নি। কিন্তু মুক্তিযোদ্ধাদের কল্যাণে একটি প্রকল্পের অধীনে ৩০০ রিকশা ছাড়া হয়েছে।ঢাকা মহানগর রিকশা ও ভ্যান মালিক কল্যাণ পরিষদ নামের একটি সংগঠনের চেয়ারম্যান শহর আলী প্রথম আলোকে বলেন, তাঁরা অবৈধ রিকশার নিবন্ধন দেওয়ার সঙ্গে জড়িত ২৪টি সংগঠনের সন্ধান পেয়েছেন। সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার পরও কোনো লাভ হয়নি বলে দাবি করেন তিনি।ডিসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, অবৈধ রিকশা আটক অব্যাহত আছে। পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চলবে। তবে কয়েকটি সংগঠন আদালতের নিষেধাজ্ঞা নিয়ে এসেছে। বর্তমানে ডিসিসির বিরুদ্ধে ১৩টি মামলা চলছে বলে তিনি জানান। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সফিকুর রহমান প্রথম আলোকে বলেন, এসব রিকশা অবৈধ। পুলিশের চোখে পড়লে জব্দ করা হবে।অন্যদিকে জব্দ করা অবৈধ রিকশা গ্রামের দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য মন্ত্রী-সাংসদদের দেওয়া হলেও তা আবার ঢাকাতেই বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঢাকায় অবৈধ রিকশা না কমার এটাও একটা কারণ বলে পুলিশ ও ডিসিসি কর্মকর্তারা মনে করেন। রাজধানীতে বিতরণ করা হবে না—এমন শর্তেই রিকশাগুলো দেওয়া হয়।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আটক ঢাকার অবৈধ রিকশার বেশির ভাগই মন্ত্রী ও সাংসদদের মধ্যে বণ্টন করা হয়। কিন্তু সাংসদদের কোনো কোনো প্রতিনিধি রিকশাগুলো বুঝে নেওয়ার পর তা রাজধানীতেই বিক্রি করে দিয়েছেন। পুলিশ এভাবে বিক্রি হয়ে যাওয়া ১৪টি রিকশা মহাখালীর কড়াইল বস্তি এলাকা থেকে আটক করেছে। গুলশান থানায় মামলাও হয়েছে।ঝালকাঠির এক সাংসদের নামে নেওয়া প্রায় আড়াই শ রিকশা মিরপুর মাজার রোডে বিক্রি হয় বলে স্থানীয় লোকজন জানান। খিলগাঁও ও সবুজবাগ এলাকায় বিক্রি হয় যশোরের এক সাংসদের নামে নেওয়া রিকশা। তেজগাঁও শিল্পাঞ্চল থানা এবং যাত্রাবাড়ীতেও পুলিশ অবৈধভাবে বিক্রির সময় রিকশা আটক করেছে।ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অন্তত ৩০ জন সাংসদ রিকশার জন্য চাহিদাপত্র পাঠিয়েছিলেন। তাঁদের প্রত্যেকের অনুকূলে ১০০ থেকে ৫০০টি রিকশা দেওয়া হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেও এভাবে বরাদ্দ দেওয়া রিকশা দরিদ্রদের মধ্যে বিতরণের নামে বিক্রি করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ আছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জব্দ করা রিকশা গ্রামে বিতরণের জন্য নিয়ে থাকেন বলে একটি সূত্র জানায়।গত বছর যোগাযোগ মন্ত্রণালয়ে যানজট নিরসনসংক্রান্ত এক সভায় ঢাকার পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক বলেছিলেন, অতীতে জব্দ রিকশা সাংসদদের দেওয়ার পর সেগুলো ঢাকায় বিক্রি করা হয়েছে। তাই জব্দ রিকশা আর কাউকে না দিয়ে সেগুলো ধ্বংস করে ফেলার কথা ভাবছে পুলিশ।তেজগাঁও এলাকার একজন রিকশার মালিক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, পুলিশ তাঁর বেশ কিছু অবৈধ রিকশা জব্দ করে। সেগুলোই তিনি পরে কিনে নেন।ডিসিসির হিসাব অনুযায়ী, রাজধানীতে বৈধ রিকশা ৭৯ হাজার ৫৫৪টি। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলের একটি প্রতিবেদন অনুযায়ী, নগরে পাঁচ থেকে ছয় লাখ রিকশা রয়েছে। ঈদ ও পূজাসহ জাতীয় উৎসবগুলোতে রিকশার সংখ্যা আরও বেড়ে যায়। পরিবেশবান্ধব বাহন ও স্বল্প দূরত্বে ভ্রমণের জন্য বিপুলসংখ্যক মানুষের প্রধান অবলম্বন হলেও রিকশার বিশাল সংখ্যা যানজটে ভূমিকা রাখায় সাম্প্রতিক সময়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।