সাংসদদের নিজ এলাকায় দ্রব্যমূল্য পর্যবেক্ষণের প্রস্তাব
সাংসদদের নিজ নিজ এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পর্যবেক্ষণ করার প্রস্তাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে কমিটি নিজেও বাজারদর পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে।আজ রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেম এতে সভাপতিত্ব করেন।সভায় চাল, ডাল, ভোজ্যতেল, চিনি ও আটা—এই পাঁচটি পণ্যকে জরুরি জাতীয় পণ্য বিবেচনা করে দাম জনগণের নাগালের মধ্যে রাখার সুপারিশ করা হয়। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে রাখতে পর্যাপ্ত ভর্তুকি দেওয়ারও পরামর্শও দিয়েছে কমিটি। সভায় বাজেটেও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।সভায় বলা হয়, বেশির ভাগ সময় অতি মুনাফালোভী এক শ্রেণীর ব্যবসায়ীর কারণে অনেক সময় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অনেক সময় এক জেলার সঙ্গে আরেক জেলার বাজারদর অস্বাভাবিক হারে পার্থক্য দেখা যায়। স্থানীয়ভাবে সাংসদেরা বাজারের খোঁজখবর রাখলে অনেক ক্ষেত্রে এ সমস্যা এড়ানো সম্ভব। সভায় প্রয়োজন অনুসারে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বাজারদর তদারক করতে সংসদীয় কমিটি কাজ করার সিদ্ধান্ত নেয়।বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম সাংবাদিকদের বলেন, আসন্ন রমজানে কোনো অসাধু চক্র যাতে কোনো পণ্যের দাম অতিমূল্যায়িত করতে না পারে, সে জন্য কমিটি আগে থেকেই মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে।