সাংসদদের পছন্দে এমপিওভুক্ত হচ্ছে এক হাজার প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে আরও প্রায় এক হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত (বেতনের সরকারি অংশ প্রদান) করা হচ্ছে। নির্ধারিত নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত হওয়ার কথা থাকলেও তা হয়নি। সাংসদদের পছন্দের তালিকাকে এমপিওভুক্তির যোগ্যতা হিসেবে বেছে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রত্যেক সাংসদের পছন্দের তিনটি করে প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হচ্ছে।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাংসদদের দেওয়া তালিকা অনুযায়ী এমপিওভুক্ত করার জন্য প্রতিষ্ঠানের নামও প্রায় চূড়ান্ত করা হয়েছে। চলতি মাসেই এই তালিকা প্রকাশের জন্য গোপনে কাজ করছে মন্ত্রণালয়। তবে তালিকা প্রকাশ করা হলেও এমপিও-সুবিধা কার্যকর হবে ২০১১-১২ অর্থবছর থেকে।এদিকে সাংসদের দেওয়া তালিকা অনুযায়ী এমপিওভুক্ত করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। অভিযোগ উঠেছে, এই প্রক্রিয়ায় যোগ্যতার চেয়ে দলীয়করণ ও আর্থিক লেনদেনই প্রাধান্য পাবে।এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আশা করছি, যত তাড়াতাড়ি সম্ভব নতুন করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।’ সাংসদের তালিকা অনুযায়ী এমপিওভুক্ত কেন করা হচ্ছে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘সাংসদেরা জনগণের নির্বাচিত প্রতিনিধি। এমপিওভুক্তির জন্য তাঁদের ওপর এলাকার জনগণের চাপ আছে। আমরা আশা করব, তাঁদের তালিকা যোগ্যতা অনুযায়ীই হবে।’সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান প্রথম আলোকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি হতে হবে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে। যদি শুধু সাংসদের তালিকা অনুযায়ী সেটা হয়, তবে সেখানে দলীয়করণ ও পক্ষপাতিত্ব হবে।শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন স্থগিত থাকার পর গত বছর এক হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়। তখন মন্ত্রণালয়ের করা নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত করা হয়। কিন্তু এতে সব সাংসদের পছন্দ অনুুযায়ী এমপিওভুক্ত না হওয়ায় তাঁদের তোপের মুখে পড়েন শিক্ষামন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী এমপিওভুক্তির তালিকা স্থগিত করে উপদেষ্টা আলাউদ্দিন আহমেদকে তালিকা যাচাই-বাছাইয়ের দায়িত্ব দেন। উপদেষ্টা আগের তালিকার সঙ্গে কিছু সংযোজন-বিয়োজন করে একটি তালিকা ঠিক করেন। এ তালিকা নিয়েও ক্ষোভ দেখা দেয়। প্রধানমন্ত্রী আবারও শিক্ষামন্ত্রীকে এটি যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দেন। শিক্ষামন্ত্রী সাংসদদের দাবি পর্যালোচনা করে নতুন তালিকা প্রকাশ করেন। তার পরও অনেক সাংসদ সন্তুষ্ট হতে পারেননি। এর পর থেকে সাংসদেরা চলতি অর্থবছরে আরও প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানাতে থাকেন। সংসদেও একাধিকবার এ নিয়ে সাংসদের প্রশ্নের জবাব দিতে হয়েছে শিক্ষামন্ত্রীকে। কিন্তু পর্যাপ্ত বরাদ্দ না থাকায় এমপিওভুক্ত করা সম্ভব হয়ে ওঠেনি।শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, নতুন এমপিওভুক্তির বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে বোঝানোর পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী বছর প্রায় এক হাজার প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে বলে প্রস্তাব করেন। মূলত বাজেট ঘোষণার পর শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্তির কাজে গতি বাড়াতে শুরু করে।সাংসদদের তালিকা অনুযায়ী এমপিওভুক্ত করা ঠিক হচ্ছে কি না, জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহ আলম সাংদদের তালিকার পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, ‘সাংসদেরা এলাকার জনপ্রতিনিধি। এলাকার প্রতিষ্ঠান সম্পর্কে তাঁদের চেয়ে ভালো আর কে জানবে?’