সাংসদদের ফ্ল্যাটে থাকা বহিরাগতদের বের করে দেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ সচিবালয়ের আওতায় মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবনে (সাবেক ন্যাম ফ্ল্যাট) সাংসদদের পরিবারের সদস্য ছাড়া অন্য কেউ থাকতে পারবেন না। পরিবারের বাইরের কেউ থাকলে অবিলম্বে তাদের এসব ফ্ল্যাট থেকে বের করে দিতে বলা হয়। এ ব্যাপারে সংসদ সচিবালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংসদ কমিটির আবাসিক উপকমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদের প্রধান হুইপ আবদুস শহীদের সভাপতিত্বে সভায় হুইপ মুজিবুল হক, আতিউর রহমান আতিক ও এ বি এম আশরাফ উদ্দিন নিজান সভায় অংশ নেন।সভায় সাবেক ন্যাম ফ্ল্যাটগুলোতে সাংসদেরা এবং তাঁদের পরিবারের বাইরে বহিরাগতদের থাকার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় জানানো হয়, সংসদ সচিবালয়ের এক তদন্তে দেখা গেছে, সাংসদদের বাসাগুলোর মধ্যে ৬৪টিতে বহিরাগতরা থাকছে। এরা কেউই সাংসদদের পরিবারের সদস্য নয়। একজন সাংসদ ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংসদদের ফ্ল্যাটে ড্রাইভার থাকবেন, এটা হতে পারে না। এতে করে পুরো হোস্টেলের পরিবেশ নষ্ট হয়। নিরাপত্তাও হুমকির মধ্যে পড়ে।সভায় সংসদ সচিবালয়ের আওতাধীন মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবনের নিরাপত্তা জোরদার করার সুপারিশ করা হয়। এ জন্য পুলিশসহ নিরাপত্তা কাজে নিয়োজিত বিভিন্ন বিভাগের জনবল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।সভায় জানানো হয়, সাংসদদের গাড়ি ছাড়া অন্যান্য গাড়িতেও সংসদ সদস্য স্টিকার ব্যবহার করা হচ্ছে। সাংসদদের গাড়ি ছাড়া যথেচ্ছভাবে অন্যান্য গাড়িতেও যাতে এই স্টিকার ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।