সাংসদদের বাজেট আলোচনা গুরুত্ব না দেওয়ায় ক্ষুব্ধ স্পিকার ও সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সাংসদদের বাজেট আলোচনাকে গুরুত্ব না দেওয়ায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত। আজ বৃহস্পতিবার পয়েন্ট অব অর্ডারে সুরঞ্জিত সেনগুপ্ত বিষয়টি উত্থাপন করার পর স্পিকার আবদুল হামিদও এ বিষয়ে একমত পোষণ করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।অধিবেশনের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিরোধী দল না থাকলেও সাংসদদের সাধারণ বাজেট আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত বাজেট আলোচনায় অর্থমন্ত্রী উপস্থিত না থাকলে প্রতিমন্ত্রী বা পরিকল্পনামন্ত্রী উপস্থিত থাকেন। তাঁরাও যদি না থাকেন, তবে অর্থসচিব বা সংশ্লিষ্ট কর্মকর্তারা সংসদের গ্যালারিতে উপস্থিত থেকে বাজেট আলোচনার নোট নেন এবং পরে এ বিষয়ে অর্থমন্ত্রীকে অবহিত করা হয়। কিন্তু বেশ কয়েক দিন ধরে দেখা যাচ্ছে, তা হচ্ছে না। অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে কেউ এই কাজটি করছেন না। সাংসদদের বাজেট আলোচনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এটা দুর্ভাগ্যজনক।সুরঞ্জিত সেনগুপ্ত এ ব্যাপারে অধিবেশন কক্ষে উপস্থিত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় স্পিকার আবদুল হামিদ সুরঞ্জিতের বক্তব্যকে যৌক্তিক আখ্যায়িত করে বলেন, ‘সাংসদদের বাজেট আলোচনা শুনে কেউই নোট না নেওয়া দুঃখজনক। বিষয়টিকে আমি মোটেও ভালো মনে করি না।’স্পিকার বলেন, অর্থমন্ত্রী দেশের বাইরে থাকলে অর্থসচিব কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তারা সংসদে উপস্থিত থেকে নোট নিতে পারেন। পরে তাঁরা তা মন্ত্রীকে জানাবেন।স্পিকার বলেন, কেউ হয়তো বলতে পারেন সংসদের প্রসিডিউর থেকে নেবেন। কিন্তু এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না। তাঁদের অবশ্যই সংসদে এসে সাংসদদের বাজেট আলোচনা শুনে নোট নিতে হবে। স্পিকার এ ব্যাপারে সংসদ উপনেতার হস্তক্ষেপ কামনা করেন। প্রসঙ্গত, এ সময় সংসদে সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন না। স্পিকারের বক্তব্যের পর সাংসদেরা টেবিল চাপড়িয়ে তাঁর বক্তব্যকে স্বাগত জানান।