সাংসদদের বিরুদ্ধে মামলা করতে অনুমতি লাগবে
সাংসদদের বিরুদ্ধে মামলা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। পুলিশ কর্মকর্তাদের এ ধরনের নির্দেশ দিয়ে বলা হয়েছে, কাজ করতে গেলে যে কারোরই ভুল-ত্রুটি হতে পারে। সাংসদদের ছোটখাটো ভুলের বিষয়ে মামলা করার আগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে হবে, অনুমতি নিতে হবে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সমন্বয় কমিটির জরুরি বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহর বিরুদ্ধে মামলা, চৌধুরী আলমের নিখোঁজ হওয়ার ঘটনা, যুদ্ধাপরাধীদের দেশ ছাড়ার বিষয়ে সতর্কতা, ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, জঙ্গি হামলার বিষয়ে সতর্কতা এবং পবিত্র রমজান উপলক্ষে পুলিশের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশের সাম্প্রতিক নানা কর্মকাণ্ডে মনে হচ্ছে পুলিশে ‘চেইন অব কমান্ড’ ভেঙে পড়েছে। তিনি পুলিশকে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইজিকে নির্দেশ দেন। সাংসদের বিরুদ্ধে মামলা: বৈঠকের শুরুতেই ঢাকা-১৬ আসনের আওয়ামী লীগের সাংসদ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহর বিরুদ্ধে ট্রাফিক সার্জেন্টের মামলা করার বিষয়ে সংশ্লিষ্টদের কাছে জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইলিয়াস উদ্দিন মোল্লা একজন সাংসদ। সাংসদের বিরুদ্ধে মামলা করার আগে যেমন চিন্তা করা উচিত ছিল, তেমনি মামলা নেওয়ার সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা উচিত ছিল। জানালে ওই সাংসদের সঙ্গে কথা বলা যেত, তিনি অন্যায় করলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো।বৈঠকে সাংসদ ইলিয়াস মোল্লার বিরুদ্ধে ট্রাফিক সার্জেন্টের মামলার বিষয় তদন্তে কমিটি গঠনের জন্য আইজি নূর মোহাম্মদকে নির্দেশ দেওয়া হয়।জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রথম আলোকে বলেন, সাংসদেরা সম্মানিত ব্যক্তি, জনপ্রতিনিধি। তাঁদের বিরুদ্ধে হুট করে মামলা করার সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। এ বিষয়ে আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।সূত্র জানায়, বৈঠকে ওই ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশন কেন বিবৃতি দিল, তা জানতে চাওয়া হয়। পুলিশ কর্মকর্তারা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর জন্য দুঃখ প্রকাশ করেন। জানতে চাইলে আইজি নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, সাংসদের বিরুদ্ধে মামলা নেওয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার কথা বলা হয়েছে। সাজেন্টের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে। চৌধুরী আলম কি আসলেই নিখোঁজ!: বিএনপির নেতা ও ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের নিখোঁজের বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। তারা জানতে পেরেছে, চৌধুরী আলমের পারিবারিক দ্বন্দ্বও ছিল। বৈঠকে সন্দেহ প্রকাশ করে বলা হয়, এমন হতে পারে চৌধুরী আলমকে লুকিয়ে রেখে বিএনপি আন্দোলনের ইস্যু তৈরি করতে চাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চৌধুরী আলমের নিখোঁজের এ বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘চৌধুরী আলমের পরিবারের সদস্যরা এজাহার করেছে, আমরা তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছি।’যুদ্ধাপরাধীদের দেশ ছাড়ার বিষয়ে সতর্কতা: সন্দেহভাজন মানবতাবিরোধী অপরাধকারী ও যুদ্ধাপরাধীরা কোনোভাবেই যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়, যুদ্ধাপরাধীরা ভিন্ন নাম ব্যবহার করে অথবা পরিচয় গোপন করে পালানোর চেষ্টা করতে পারেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করে বলা হয়, তাদের প্রস্তুতি আছে, যুদ্ধাপরাধীরা কোনোভাবেই পালাতে পারবেন না। ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ: বৈঠকে ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যায়কারীকে কখনোই ছাড় দেওয়া হবে না। যে ছাত্র যে যে ধারায় অন্যায় করবে, তাকে সে ধারায় গ্রেপ্তারের জন্য নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ জন্য কোনো আদেশের প্রয়োজন নেই। জঙ্গি হামলা: জঙ্গিদের হামলার বিষয়ে সতর্ক থাকার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, জঙ্গিরা তৎপর হওয়ার চেষ্টা করছে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক আছে। অনেক জঙ্গিকেই ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তারপরও সতর্ক থাকতে হবে। রমজানে তৎপরতা বাড়ানো: বৈঠকে বলা হয়, রমজান মাস এলেই সন্ত্রাসী ও চাঁদাবাজেরা সক্রিয় হয়। ছিনতাই বেড়ে যায়। যেসব স্পটে ছিনতাই হওয়ার আশঙ্কা রয়েছে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা বলা হয়। এ ছাড়া ঈদ সামনে রেখে ব্যবসায়ীদের কাছ থেকে যাতে কেউ চাঁদাবাজি না করতে পারে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার কথা বলা হয়।