সাংসদদের শুল্কমুক্ত গাড়ির জন্য সরকার ভর্তুকি দেবে ৪০০ কোটি টাকা: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সাংসদদের শুল্কমুক্ত গাড়ি দিতে গিয়ে সরকারকে ৪০০ কোটি টাকা ভর্তুকি গুনতে হবে। তবে গাড়ির ব্র্যান্ড ও সিসি নির্ধারণ করে দেওয়া হবে।ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ রোববার অর্থমন্ত্রী এ তথ্য জানান। আইসিবির প্রতিনিধিদলে ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান খায়রুল হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর। তাঁরা ২০০৮-০৯ অর্থবছরের মুনাফা থেকে এক কোটি ৩৫ লাখ টাকার একটি লভ্যাংশপত্র আজ সকালে সচিবালয়ে অর্থমন্ত্রীর হাতে তুলে দেন।অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকারিভাবে গাড়ি কিনে এনে সাংসদদের দেওয়ার কথা ছিল। কিন্তু সেটা করতে গেলে আরও এক বছর সময় লাগবে। তা ছাড়া সরকারি পরিবহন পুলে গাড়ি রাখার জায়গা নেই। সেই কারণে সাংসদদের শুল্কমুক্ত গাড়ি আনার সুযোগ দেওয়া হচ্ছে।সাংসদদের শুল্কমুক্ত গাড়ি আনার পক্ষে যুক্তি হিসেবে জনাব মুহিত বলেন, মন্ত্রী, সচিব, উপজেলা চেয়ারম্যান, ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা গাড়ির সুবিধা পেয়ে থাকেন। সাংসদেরা যেহেতু আইনপ্রণেতা, তাই তাঁরা এ সুবিধা পাবেন।