সাংসদদের সতর্কভাবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংসদদের সতর্কভাবে কাজ করতে এবং এলাকায় যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন, যাতে কেউ সাংসদদের বদনাম করতে না পারে। তিনি সাংসদের উদ্দেশে বলেন, মনে রাখতে হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইনের ঊর্ধ্বে উঠে অপকর্মের কারণেই বিএনপি-জামায়াত জোট সরকারের পতন হয়েছিল। আজ সোমবার সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী সাংসদদের উদ্দেশে এসব কথা বলেন।সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধানমন্ত্রীসহ আটজন সাংসদ বক্তব্য দেন।প্রধানমন্ত্রী সাংসদদের রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় তাঁদের বক্তব্য সীমাবদ্ধ রাখারও আহ্বান জানান। সভায় একাধিক সাংসদ বিরোধী দলের সংসদে না আসার সমালোচনা করে বক্তব্য দিলে প্রধানমন্ত্রী তাঁদের থামিয়ে দেন। তিনি বলেন, ‘আশা করি, বিএনপি সংসদে এসে তাদের কথা বলবে।’এদিকে তিন দিন বিরতির পর আজ বিকেল সোয়া তিনটার দিকে জাতীয় সংসদের অধিবেশন আবার শুরু হয়েছে।