সাংসদদেরও গাড়ি সরবরাহ করতে চায় প্রগতি
উপজেলা চেয়ারম্যানদের পর এবার সাংসদদের গাড়ি সরবরাহের প্রস্তাব দিয়েছে রাষ্ট্রায়ত্ত একমাত্র গাড়ি সংযোজনকারী কারখানা প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইতিমধ্যে গত ২৭ ডিসেম্বর প্রতিষ্ঠানটি শিল্প মন্ত্রণালয়ের সচিবের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে। এতে মিত্সুবিশি পাজেরো বা অন্য যেকোনো কোম্পানির গাড়ি প্রগতি সরবরাহ করতে সক্ষম বলে জানানো হয়। প্রয়োজনে সম্পূর্ণ তৈরি গাড়িও আমদানি করতে পারবে তারা।জানা গেছে, প্রগতির সরবরাহ করা গাড়ির দাম একই মানের আমদানি করা গাড়ির তুলনায় কম। এ ছাড়া প্রগতির পক্ষে গাড়ির প্রকৃত আমদানিমূল্য দেখানো হয় বলে এতে রাজস্ব আদায় হয় বেশি।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রথম আলোকে বলেন, প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে সম্প্রসারণ করা হচ্ছে। উপজেলার পর এবার ৩৪৫ জন সাংসদের গাড়ি প্রগতি থেকে সরবরাহের চেষ্টা চলছে। প্রগতি এখন লাভের মুখ দেখছে। শিল্প মন্ত্রণালয় সূত্র জানায়, প্রগতি থেকে গাড়ি কেনা বা প্রগতির মাধ্যমে গাড়ি আমদানির জন্য সংশ্লিষ্ট পর্যায়ে প্রক্রিয়া চলছে।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ১৬ নভেম্বর স্পিকার আবদুল হামিদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, সরকারি অর্থায়নে সংস্থাপন মন্ত্রণালয়ের অধীন সরকারি পরিবহন অধিদপ্তরের মাধ্যমে গাড়ি আমদানি করে সাংসদদের সরবরাহ করা হবে। শিল্প মন্ত্রণালয়ে পাঠানো প্রগতির চিঠিতে পরিবহন অধিদপ্তর যাতে প্রগতি থেকে গাড়ি কেনে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করার কথা বলা হয়। প্রগতির কর্মকর্তারা মনে করেন, সাংসদদের জন্য গাড়ি সরবরাহ করতে পারলে যেমন প্রগতির ব্যবসা চাঙা হবে, তেমনি সরকারি এই প্রতিষ্ঠানের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।প্রগতি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে পর্যায়ক্রমে ৪২০টি টিভি-৩১ মডেলের পাজেরো জিপ সরবরাহের বিষয়টি চূড়ান্ত করছে। এসব জিপ উপজেলা চেয়ারম্যানরা ব্যবহার করবেন। ইতিমধ্যে গত মাসে ৫০টি জিপ সরবরাহ করা হয়েছে। এক মাসের মধ্যে আরও ১৩০টি সরবরাহের চুক্তি হয়েছে। প্রতিটি গাড়ি ৩৫ লাখ ৩৯ হাজার টাকায় সরবরাহ করা হচ্ছে। বাকি ২৪০টি গাড়ি সরবরাহের চুক্তি প্রক্রিয়াধীন আছে। এসব গাড়ির দাম বাজারদরের চেয়ে কম। এ ছাড়া কারা ও স্বাস্থ্য অধিদপ্তর, কোস্টগার্ড, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন সরকারি সংস্থা প্রগতি থেকে গাড়ি নেওয়ার আগ্রহ দেখাচ্ছে।প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. জহির উদ্দিন চৌধুরী বলেন, ‘সরকারি সহযোগিতায় প্রগতি এখন ঘুরে দাঁড়াচ্ছে। সরকারের বেশির ভাগ সংস্থার গাড়ি এখন প্রগতিই সরবরাহ করছে। নতুন মডেলের পাজেরো স্পোর্টস জিপ, সিডান কারসহ নতুন নতুন গাড়ি সংযোজনের জন্য আমরা এখন জাপানের মিত্সুবিশি কোম্পানির সঙ্গে ঘন ঘন যোগাযোগ করছি।’সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত বছর প্রগতি ৬৪১টি গাড়ি সংযোজন করেছে। এ বছর অন্তত এক হাজার গাড়ি সংযোজন সম্ভব হবে। ১৯৬৬ সালে স্থাপনের সময় এ কারখানার বার্ষিক উত্পাদনক্ষমতা ছিল দুই হাজার ৪০০ গাড়ি। কিন্তু সরকারি অবহেলা, সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতাসহ নানা কারণে প্রতিষ্ঠানটির গাড়ি সংযোজনের ক্ষমতা কমতে থাকে।নথিপত্রে দেখা গেছে, ১৯৮০-৮১ সালে প্রগতি সবচেয়ে বেশি অর্থাত্ দুই হাজার ৪১০টি গাড়ি সংযোজন করে। ওই বছর প্রগতি মুনাফা করে ছয় কোটি টাকা। ১৯৯১ সালে ভুটানে রপ্তানি হয় প্রগতির গাড়ি। ১৯৯৭ সালের ৩ ডিসেম্বর একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রগতি থেকে গাড়ি কেনার পরামর্শ দেন। পরে ২০০০ সালের ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাষ্ট্রীয় সব সংস্থার জন্য প্রগতি থেকে সরাসরি গাড়ি কেনার নির্দেশ দিয়ে পরিপত্র জারি হয়। কিন্তু ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠনের পর বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি জাপান থেকে গাড়ি আমদানি শুরু হয়। বিশেষ করে ২০০৩ সালে গণ খাতে ক্রয় বিধিমালার আওতায় গাড়ি কেনার ক্ষেত্রে রাষ্ট্রীয় সংস্থাগুলো দরপত্র আহ্বান বাধ্যতামূলক করায় ক্ষতির মুখে পড়ে গ্রগতি। এ কারণে সরকারি সংস্থাকে গাড়ি সরবরাহ করার সুযোগটি প্রগতির হাতছাড়া হয় এবং সংস্থাটি ক্রমশ লোকসান দিতে শুরু করে।৪৩ বছরের ইতিহাসে প্রগতি ২০০৪-০৫ সালে সবচেয়ে কম গাড়ি সংযোজন করে। এ সময় মাত্র ৩৩২টি গাড়ি সংযোজন করা হয়। এ ছাড়া ২০০৫-০৬ অর্থবছরে ৪১১টি, ২০০৬-০৭ অর্থবছরে ৩৮৬টি এবং ২০০৭-০৮ অর্থবছরে ৪৬১টি গাড়ি সংযোজন করে প্রতিষ্ঠানটি।