সাংসদের অনুসারীদের বিরুদ্ধে শোক দিবসের অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের অভিযোগ
পটুয়াখালীর গলাচিপায় স্থানীয় সাংসদ গোলাম মাওলার অনুসারীদের বিরুদ্ধে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঢাকার দশমিনা-গলাচিপা আওয়ামী ঐক্য ফোরাম আজ সোমবার শোক দিবসের কর্মসূচি পালনের জন্য মঞ্চটি তৈরি করেছিল।অনুষ্ঠানে গলাচিপা-দশমিনা আসনের সাবেক সাংসদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা ও সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। তিনি বেলা দুইটায় ওই অনুষ্ঠানে যোগদান করবেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। সংগঠনটির পক্ষে জাতীয় শোক দিবস উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক মো. মোফাজ্জল হোসেন জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে সাংসদ গোলাম মাওলার অনুসারী ২০-২৫ জন লোক গলাচিপা পৌরসভা কার্যালয়ের (নতুন) কাছে নির্মিত মঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে তারা উল্লাস করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে। এ ব্যাপারে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের গোলাম মাওলা-সমর্থিত অংশের সাধারণ সম্পাদক কাজী সহিদুল ইসলাম জানান, মঞ্চ ভাঙচুরের ঘটনায় তাঁদের লোকজন জড়িত নয়।গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা মঞ্চ ভাঙচুরের কথা শুনে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত কোনো অভিযোগ করেননি।’