সাংসদের উদ্যোগে অভিযান, প্রশাসন বা ওয়াসা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্যাণপুর খালের মধ্যে গড়ে ওঠা ১০টি অবৈধ স্থাপনা নিজ উদ্যোগেই উচ্ছেদ করলেন ঢাকা-১৪ আসনের সরকারদলীয় সাংসদ আসলামুল হক। গতকাল বুধবার সকালে মিরপুর ও বসুপাড়া মৌজায় উচ্ছেদের সময় তাঁর সঙ্গে ছিলেন দলীয় ও এলাকার কিছু বাসিন্দা। তবে ঢাকা জেলা প্রশাসন বা খালের তত্ত্বাবধায়ক ঢাকা ওয়াসার কোনো ম্যাজিস্ট্রেট বা প্রতিনিধি উপস্থিত ছিলেন না।ঘটনাস্থলে প্রথম আলোর প্রশ্নের জবাবে সাংসদ আসলামুল হক বলেন, ‘ডিসি সাহেব এবং ওয়াসার এমডিকে আহ্বান জানিয়েছিলাম। তাঁরা আসেননি, কোনো লোকও দেননি। কিন্তু আমি নিজেই তো সরকারের প্রতিনিধি, জনগণকে সঙ্গে নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি।’সাংসদ আরও বলেন, ‘আমি কথা দিয়েছিলাম, নিজ উদ্যোগেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করব। এখন করে দেখাচ্ছি। নকশার কোনো পরিবর্তন করিনি।’গত ৩১ অক্টোবর এই সাংসদের বাধার মুখে ওয়াসা ও জেলা প্রশাসনের দুই ম্যাজিস্ট্রেট দারুস সালাম থানার গেদারটেক এলাকার কল্যাণপুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারেননি। সাংসদ আসলামুল হক আঙুল উঁচিয়ে দুই ম্যাজিস্ট্রেটকে উচ্ছেদ বন্ধ রেখে চলে যেতে বলেন—এ রকম সচিত্র প্রতিবেদন ১ অক্টোবর প্রথম আলোয় ছাপা হয়। পরদিন সাংসদ প্রথম আলোকে চিঠি দিয়ে জানান, তিনি এলাকার জনগণকে সঙ্গে নিয়ে এই খাল দখলমুক্ত করবেন।গতকাল এ ব্যাপারে জানতে চাইলে সাংসদ বলেন, ‘আমি বাধা দিইনি। বসুপাড়া মৌজার উঁচু জায়গার অবৈধ স্থাপনা আগে ভাঙার অনুরোধ করেছিলাম।’আসলামুল বলেন, সেখানে সাবেক সাংসদ এস এ খালেক কল্যাণপুর ‘ক’ খালের ওপর বহুতল ভবন (অ্যাপার্টমেন্ট) নির্মাণ করেছেন। দখল করেছেন আরও কেউ কেউ। যে কারণে ওই এলাকার ৮০ হাজার বাসিন্দাকে বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় থাকতে হয়। তিনি বলেন, নদী ও খালবিষয়ক টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী জেলা প্রশাসন দুই দিন ধরে উঁচু জায়গায় সীমানা পুনর্নির্ধারণের কাজ করছে। কাজ শেষ হলে অভিযান পরিচালিত হবে। তিনি সাংবাদিকদের ওই এলাকায় নিয়ে খালের অবস্থা দেখান। বসুপাড়া মৌজা ও মিরপুর মৌজার প্রায় এক কিলোমিটার দীর্ঘ কল্যাণপুর ‘ক’ খালটি সর্বোচ্চ ৮০ ফুট থেকে সর্বনিম্ন ৩০ ফুট পর্যন্ত চওড়া ছিল। এখন ১০ ফুটও নেই। এলাকাবাসী জানান, গতকাল খালের যে অংশ দখলমুক্ত করা হয়, সেখানে বেশির ভাগ জায়গা পিসি কালচার হাউজিং সোসাইটির। কিছু রয়েছে তুরাগ হাউজিংয়ের। যারা স্থাপনা তৈরি করে বসবাস করছিল, তাদের অনেকে ২০০০ সালের দিকে এখানে জমি কিনেছিল।স্থানীয় কিছু লোক অভিযোগ করেছেন, সাংসদের জায়গায় গতকাল ইচ্ছে করেই হাত দেওয়া হয়নি। তবে এর আগে ৩১ অক্টোবরের অভিযান বন্ধ হয়ে যাওয়ার পর আসলামুল প্রথম আলোর কাছে স্বীকার করেন, এখানে তাঁরও কিছু জমি আছে।যেভাবে অভিযান: গতকাল বেলা পৌনে ১১টার দিকে দারুস সালাম থানার অধীন গেদারটেক এলাকায় একটি বুলডোজার ও অর্ধশত শ্রমিক নিয়ে সাংসদ অভিযান শুরু করেন। এর কিছু আগে ঘটনাস্থলে তাঁর জিপ এসে পৌঁছালে দলীয় সহকর্মীরা ‘আসলাম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দিতে থাকেন। শুরুতেই বুলডোজোর আঘাত হানে গেদারটেকের ৯৭৫ মৌজার মনিকা সরকারের স্থাপনায়। স্থাপনার বেশির ভাগ অংশই বুলডোজার গুঁড়িয়ে দেয়। এ ছাড়া নাজিম উদ্দিনের একটি মুরগির খামারের সামনের মালামাল রাখার জন্য তৈরি স্থাপনাসহ ১০টি স্থাপনা ভেঙে দেওয়া হয় দুই ঘণ্টার মধ্যে। সেখানে খালের প্রায় ৫০০ গজ অংশ রয়েছে বলে স্থানীয় লোকজন জানান। উচ্ছেদের একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী ওয়ালীউল্লাহ। ঘটনাস্থলে উপস্থিত দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ‘জনস্বার্থে স্থানীয় সাংসদ উচ্ছেদ করতে পারেন। তিনি আমাদের না ডাকলেও নিজ উদ্যোগে এসেছি। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।’ক্ষতিগ্রস্তদের অভিযোগ: ক্ষতিগ্রস্ত বাড়িমালিক মনিকা সরকার, জে এম সমর চৌধুরী ও সুবল গমেজ অভিযোগ করেন, পিসি কালচার হাউজিং থেকে ১২ বছর আগে জমি কিনে তাঁরা নামজারি করাসহ নিয়মিত খাজনা দিয়ে আসছেন। জমি কেনার সময় হাউজিং কর্তৃপক্ষ জমি অধিগ্রহণের বিষয়টি গোপন রেখে তাঁদের সঙ্গে প্রতারণা করেছে। টাকা দিয়ে তাঁরা অধিগ্রহণ করা জমি কোনোভাবেই কিনতেন না। সারা জীবনের সঞ্চয় দিয়ে তাঁরা এই জমি কিনেছেন। এখন তাঁদের পথে বসা ছাড়া কোনো পথ খোলা নেই।ক্ষতিগ্রস্ত বাড়িমালিক মনিকা সরকার তাঁর আধাপাকা ঘর ভাঙার সময় কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ১৯৯৮ সালে পিসি কালচার হাউজিংয়ের কাছ থেকে তাঁর স্বামীর পেনশনের টাকা দিয়ে তিন কাঠা জমি কিনলেও তিনি বুঝে পেয়েছিলেন সোয়া দুই কাঠা। ২০০২ সালে এই জমিতে তিনি আটটি আধাপাকা ঘর তুলে ভাড়া দেন এবং প্রতিটি ঘর থেকে এক হাজার ৩০০ টাকা করে পাওয়া ভাড়া দিয়েই তাঁর সংসার চলছে।অপর প্লটের মালিক সুবল গমেজের অভিযোগ, হাউজিং প্রতিষ্ঠানটি ঠান্ডা মাথায় শয়তানি করেছে। ঢাকা ওয়াসা ও জেলা প্রশাসন সীমানা পুনর্নির্ধারণের সময় প্লটের কোনো মালিককে ডাকা হয়নি।আরেকটি প্লটের মালিক সমর চৌধুরী বলেন, ঢাকা ওয়াসা ও জেলা প্রশাসন থেকে উচ্ছেদের কোনো নোটিশ তাঁরা পাননি। লোকমুখে শোনার পর উচ্ছেদের আগের দিন তাঁরা মাইকিং করার অনুরোধ করেন।