সাংসদের কারখানার ভবন ঢেকে যাওয়ায় গাছ নিধন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-বেনাপোল সড়কের স্টেডিয়াম পাড়া এলাকায় নির্মাণাধীন আফিল জুট উইভিং মিলস লিমিটেডের সামনের সরকারি শতাধিক গাছ কেটে নেওয়া হচ্ছে। নির্মাণাধীন কারখানাটি যশোর-১ (শার্শা) আসনের আওয়ামী লীগের সাংসদ শেখ আফিল উদ্দিনের মালিকানাধীন বলে জানা গেছে।স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, গাছের ডালপালায় কারখানার ভবন ঢেকে যাওয়ায় আফিল উদ্দিনের অনুসারী বলে পরিচিত শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান মোড়লের নেতৃত্বে এসব গাছ কাটা হচ্ছে। স্থানীয় বিল্লাল, আলো, কালুসহ ১০-১২ জনের তত্ত্বাবধানে প্রতি রাতেই গাছ কাটা চলছে।সরেজমিনে দেখা যায়, কারখানার সামনে রেললাইনের দুই পাশে অন্তত এক কিলোমিটার সড়কের গাছ করাত দিয়ে গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। ১৫ থেকে ২০ গজ পর পর কেটে ফেলা গাছের গোড়া দেখা যায়। স্থানীয় ব্যক্তিরা জানান, অধিকাংশ গাছের বয়স ১০ থেকে ১৫ বছর। লাখ লাখ টাকা দামের এসব গাছ কেটে নিলেও প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।স্থানীয় চা-দোকানি ফয়েজ আহমেদ জানান, রাতের টেন্ডার পার্টির (সন্ত্রাসী) লোকজন প্রতি রাতেই ইপিল ইপিল, শিশু, অর্জুন, নিমসহ বিভিন্ন ধরনের গাছ কেটে নিয়ে যাচ্ছে।আওয়ামী লীগ সমর্থিত শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান অভিযোগ করেন, ‘শুধু রেললাইনের পাশের নয়, নাভারন-সাতক্ষীরা মোড় থেকে বাগআঁচড়া পর্যন্ত সড়কের অর্ধশতাধিক ও শার্শা-চটকাপোতা সড়কের অন্তত ১০টি গামারি, শাল ও মেহগনিগাছ কেটে সাবাড় করা হয়েছে। প্রতিরাতেই সরকারদলীয় লোকজন শার্শার বিভিন্ন বাইপাস সড়কের বড় বড় সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, ‘ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে সাংসদের পক্ষে এসব কাজ করছেন।’অভিযোগ অস্বীকার করে আসাদুজ্জামান বলেন, ‘কারা গাছ কাটছে তা জানি না। বন বিভাগের লোকজন নিয়ে তা উদ্ঘাটনের চেষ্টা করেছি।’শার্শা উপজেলা বন বিভাগের কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, রেললাইনের গাছ আগে বন বিভাগের ছিল। পরে তা রেলওয়ের কাছে ছেড়ে দেওয়া হয়েছে। রেলওয়ে যশোরের সহকারী নির্বাহী প্রকৌশলী শেখ নাইমুল হক প্রথম আলোকে বলেন, গাছ কাটার খবর কেউ জানায়নি। জানলে ব্যবস্থা নেওয়া হবে বলেই তিনি মুঠোফোনের সংযোগ বন্ধ করে দেন।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘গাছ কাটার কথা শুনেছি, কিন্তু কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’এ ব্যাপারে সাংসদ শেখ আফিল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি একটি ভালো কাজ করছি। জুট মিল স্থাপনের পর সেখানে এক থেকে দেড় হাজার লোকের কর্মসংস্থান হবে। এখানে সবাইকে উৎসাহিত করা উচিত।’ তিনি আরও বলেন, ‘কাউকে গাছ কাটতে বলা হয়নি। কে কাটছে তাও আমি জানি না।’