সাংসদের গানম্যানের পাল্টা গুলিতে ছিনতাইকারী নিহত
প্রবীণ সাংসদ ও আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের গাড়ি লক্ষ্য করে আজ বেলা পৌনে দুইটার দিকে গুলি করেছে ছিনতাইকারীরা। এ সময় তাঁর গানম্যানের পাল্টা গুলিতে বাদল (৩৫) নামের একজন নিহত হয়েছে। গণধোলাইয়ে আহত হয়েছেন তাঁর সহযোগী সুলতান (৩৪)। ঘটনার সময় আবদুর রাজ্জাক গাড়িতে ছিলেন না।গানম্যান কনস্টেবল হেমায়েত উদ্দিন জানান, গাড়ি নিয়ে তিনি আবদুর রাজ্জাকের গুলশানের বাসা থেকে মহাখালীর আইসিডিডিআরবির দিকে যাচ্ছিলেন। পথে গুলশানে পাকিস্তান হাইকমিশনের সামনে এক মহিলার কাছ থেকে ছিনতাই করে মোটরসাইকেলে দুই ছিনতাইকারী পালিয়ে যাচ্ছিল। এ সময় তাঁদের গাড়িটি মোটরসাইকেলের পিছু নিয়ে ছিনতাইকারীদের ধরার চেষ্টা করলে তারা গুলি চালায়। এতে গাড়ির কাচ ভেঙে যায়। অনন্যোপায় হয়ে গানম্যান হেমায়েতও পাল্টা গুলি চালান। এতে বাদল নিহত হন। আহত সুলতানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইয়ে ব্যবহার করা পিস্তল, পাঁচটি গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।