সাংসদের গাড়ি ও পিস্তল জব্দ করেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদ নিহত হওয়ার ঘটনায় ভোলা-৩ আসনের সরকারি দলের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের লাইসেন্স করা পিস্তল ও পাজেরো গাড়িটি জব্দ করেছে পুলিশ। মামলা দায়েরের পর গতকাল শনিবার এসব জব্দ করা হয়। ইব্রাহিমের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী রীনার দায়ের করা অভিযোগ পুলিশ গ্রহণ করেনি। রীনা জানান, অভিযোগ নিয়ে আজ রোববার তিনি শেরেবাংলা নগর থানায় গেলে পুলিশ তাঁকে জানান, একটি অপমৃত্যু মামলা হওয়ায় নতুন করে আর কোনো মামলার দরকার নেই।ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক আজ রাজারবাগে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ ঘটনাটি দুর্ঘটনা বলে উল্লেখ করেন বলে বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়।গত শুক্রবার রাতে ‘অজ্ঞাত’ ব্যক্তিরা আওয়ামী লীগের কর্মী ইব্রাহিমের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ফেলে পালিয়ে যায়। গুলি লেগে তাঁর ডান গাল ফুটো হয়ে যায়। ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের গাড়িচালক কামাল হোসেন ওরফে কালা শুক্রবার শেরেবাংলা নগর থানায় এ ঘটনা নিয়ে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অপমৃত্যু মামলা দায়ের করে। মামলায় বলা হয়, সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়ির ভেতর তাঁর লাইসেন্স করা পিস্তল নাড়াচাড়ার সময়ই দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হন ইব্রাহিম।এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক আজিমউদ্দীন জানান, ‘ইব্রাহিম নিহত হওয়ার বিষয়টি দুর্ঘটনা হিসেবেই মামলা নেওয়া হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তাঁর পিস্তল জব্দ করা হয়েছে। এটার রাসায়নিক ও বিস্ফোরক পরীক্ষা, ময়নাতদন্ত প্রতিবেদনের পর অনেক কিছু স্পষ্ট হবে।’অস্ত্রের মালিক সাংসদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না জানতে চাইলে আজিমউদ্দীন বলেন, ‘তাঁকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। অস্ত্র পরীক্ষার পর প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।’তদন্ত কর্মকর্তা জানান, যে গাড়িতে ঘটনা ঘটেছিল সেই পাজেরো গাড়িটি জব্দ করে মালিকের জিম্মায় (ফিরিয়ে) দেওয়া হয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন প্রথম আলোকে জানান, সাংসদের পিস্তল জব্দ করা হয়েছে। এখন এটা পরীক্ষার জন্য সিআইডির কাছে পাঠানো হবে। ওই পিস্তল থেকে ছোড়া গুলি ইব্রাহিমের গায়ে লেগেছে কি না, পিস্তলের হাতের ছাপ ইত্যাদি পরীক্ষা করা হবে।এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ইব্রাহিম নিহত হওয়ার বিষয়টি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে অপমৃত্যু মামলা হলেও সুনির্দিষ্টভাবে দুর্ঘটনা বা হত্যা কোনোটিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে না। ঘটনার ধারাবাহিকতায় তদন্ত এগিয়ে যাচ্ছে।স্ত্রীর অভিযোগ: স্ত্রী রীনার দাবি, ইব্রাহিমকে হত্যা করা হয়েছে। তবে কে তাঁকে হত্যা করেছে এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি তিনি। আজ সেগুনবাগিচার বাসায় তিনি সাংবাদিকদের বলেন, ইব্রাহিম কেন পিস্তল নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ হবেন? তাছাড়া সাংসদ কেন পিস্তল গাড়িতে রেখে যাবেন? তিনি এ হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি জানান।রীনার প্রশ্ন, যদি এটা দুর্ঘটনাই হবে তাহলে হাসপাতালে লাশ ফেলে সঙ্গের লোকজন পালাবে কেন? আর কেনই বা ওই রাতেই বিষয়টি খোলাখুলিভাবে পরিবারকে জানানো হলো না? যদি অপমৃত্যুই হয় তবে মামলার বাদী হবে তাঁর বাবা-ভাই অথবা স্ত্রী। গাড়িচালক কামাল কেন অপমৃত্যু মামলা করতে গেলেন? নিহতের বাসায় নুরুন্নবী: আজ দুপুরে ইব্রাহিমের সেগুনাবাগিচার (তোপখানা রোড) বাসায় যান সাংসদ নুরুন্নবী চৌধুরী। তিনি নিহতের স্ত্রী রীনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। রীনার আজীবনের দায়িত্ব নিতে চান এবং ভবিষ্যতে তাঁর সারা জীবনের ব্যয় নির্বাহ করবেন বলে আশ্বাস দেন। বিনিময়ে সাংসদ নুরুন্নবী তাঁর ‘সম্মান’ রক্ষার আবেদন জানান নিহতের স্ত্রীর কাছে।এ সময় সাংবাদিকেরা সাংসদ নুরুন্নবীর কাছে এ ঘটনা সম্বন্ধে জানতে চাইলে তিনি এটাকে ‘দুর্ঘটনা’ বলে উল্লেখ করেন। এরপর দ্রুত এলাকা ছেড়ে চলে যান। এ বিষয়ে মামলার বাদী ও সাংসদের গাড়িচালক আবুল কালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।এদিকে ইউএনবি জানায়, আজ রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে এক সভায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। কমিশনার বলেন, সাংসদ নুরুন্নবীর পিস্তল থেকে দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে ইব্রাহিমের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি নিয়ে নিরপেক্ষভাবে তদন্ত চলছে।