সাংসদের গাড়িতে ধাক্কার জেরে বাস ভাঙচুর, লুটপাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির গাড়িতে ধাক্কা দেওয়ার জের ধরে আজ শনিবার গাজীপুরের কালীগঞ্জে আওয়ামী লীগের কর্মীরা দুটি বাস ভাঙচুর, কাউন্টারে অগ্নিসংযোগ ও অর্থ লুটপাট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সাংসদ মেহের আফরোজের গাড়ি আজ সকাল ১০টার দিকে কালীগঞ্জের তালুটিয়া এলাকায় একটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি ভরে বের হচ্ছিল। এ সময় চলনবিল পরিবহনের দ্রুতগামী একটি বাস সামনের দিক থেকে সাংসদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে সাংসদের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে সাংসদ অক্ষত আছেন। একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজধানী থেকে সাংসদ কালীগঞ্জে যাচ্ছিলেন। সাংসদের গাড়ি দুর্ঘটনায় পড়ার খবর ছড়িয়ে পড়লে কালীগঞ্জের বড় নগর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় চলনবিল পরিবহনের কাউন্টারে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ পাওয়া যায়।চলনবিল পরিবহনের পরিচালক আনোয়ার হোসেন জানান, চালকের অসাবধানতার কারণে তাঁদের একটি বাস সাংসদ মেহের আফরোজের গাড়িতে আঘাত করে। এতে গাড়ির পতাকার স্ট্যান্ড ভেঙে যায় এবং একটি বাতি ক্ষতিগ্রস্ত হয়। এর জের ধরে ক্ষুব্ধ লোকজন কাউন্টারে আগুন ধরিয়ে দেয় এবং ক্যাশ থেকে টাকা-পয়সা লুট করে নিয়ে যায়। এ সময় দুটি বাসে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সাংসদ মেহের আফরোজের পিএস সেলিম মিয়া জানান, দুর্ঘটনায় সাংসদ আঘাত পাননি। কিন্তু খবর রটে তিনি আহত হয়েছেন। এতে নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে দুটি গাড়িতে ভাঙচুর চালান। পরে নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। টাকা লুটের ঘটনা শোনেননি বলে তিনি জানান।কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, চলনবিল পরিবহনের প্রতি নানা কারণে স্থানীয় লোকজনের ক্ষোভ রয়েছে। একটি ইস্যু পেয়ে সুযোগসন্ধানীরা এ ঘটনা ঘটিয়েছে।