সাংসদের গাড়িবহর দুর্ঘটনায় মামলা, আহত দুজন ঢাকায়
ফরিদপুরের ভাঙ্গায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর গাড়িবহর দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুর ঘটনায় আজ শনিবার মামলা হয়েছে। ওই দুর্ঘটনায় আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছাত্রলীগের দুই কর্মীকে ঢাকায় স্থনান্তর করা হয়েছে।ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) দাদন ফকির জানান, আজ বেলা আড়াইটার দিকে হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা করেছেন। সড়ক দুর্ঘটনা আইনের বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে। মামলার একমাত্র আসামি ট্যাংক লরিটির (কুষ্টিয়া ড-৪১-০০১০) চালক।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাখাওয়াত্ মোস্তফা জানান, ওই দুর্ঘটনায় আহত ছাত্রলীগের দুই কর্মীকে ঢাকায় স্থনান্তর করা হয়েছে। এর মধ্যে আলমগীরকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল ও পাভেলকে পঙ্গু হাসাপাতালে ভর্তি করা হয়েছে। আলমগীরকে গতকাল শুক্রবার রাতে এবং আজ বেলা দুইটার দিকে পাভেলকে ঢাকায় স্থনান্তর করা হয়।প্রসঙ্গত, গতকাল ভাঙ্গার সলিলদিয়াতে সাংসদের গাড়িবহরের একটি গাড়ি দুর্ঘটনায় পড়লে ১১ জন নিহত ও দুজন আহত হন। চালক বাদে হতাহত ব্যক্তিরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী।