সাংসদের চাপের মুখে বাধ্যতামূলক ছুটিতে এক কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-১২ (আনোয়ারা-পশ্চিম পটিয়া) আসনের আওয়ামী লীগের সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবু ও তাঁর লোকজনের প্রচণ্ড চাপের মুখে পড়েছে বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান ‘কর্ণফুলী সার কারখানা’ (কাফকো) কর্তৃপক্ষ।কারখানা সূত্র জানিয়েছে, আখতারুজ্জামানের অনুগত স্থানীয় আওয়ামী লীগের নেতাদের চাপের মুখে কর্তৃপক্ষ কাফকো পরিচালক (অপারেশন) এম এন ইকবালকে এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে। গত মঙ্গলবার থেকে তিনি সপরিবারে ঢাকায় চলে গেছেন।অন্যদিকে, সাংসদের দাবি অনুযায়ী তাঁর সুপারিশে নিয়োগ পাওয়া চারজন কর্মচারীকে নিরাপত্তা বিভাগ থেকে উৎপাদন বিভাগে নিয়োগ করতে কর্তৃপক্ষ বাধ্য হয়েছে।কাফকোর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুদিন আগে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সুপারিশে চারজন এবং সাংসদ আখতারুজ্জামানের সুপারিশে চারজনকে নিয়োগ দেওয়া হয়। শিল্পমন্ত্রীর সুপারিশে নিয়োগ পাওয়া চারজনকে উৎপাদন বিভাগে এবং সাংসদের সুপারিশে নিয়োগ পাওয়া ব্যক্তিদের নিরাপত্তা বিভাগে নিয়োগ করা হয়। এতে সাংসদের সুপারিশে নিয়োগ পাওয়া ব্যক্তিরা নিরাপত্তা বিভাগে কাজ করতে অপারগতা প্রকাশ করেন এবং তাঁরা উৎপাদন বিভাগে যাওয়ার জন্য আন্দোলন করেন। এ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে তাঁদের বিবাদ বাধে এবং তাঁরা কর্মকর্তাদের ওপর গত ২৩ আগস্ট হামলা চালালে কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে মামলা করে। এর পরই সাংসদের লোকজন কাফকো কর্মকর্তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ১০ ও ১২ সেপ্টেম্বর আরও দুই দফায় কর্মকর্তাদের ওপর হামলা চালান। এসব হামলায় কাফকোর কর্মকর্তা-কর্মচারীসহ অন্তত ১২ জন আহত হন।জানা গেছে, নিরাপত্তার কথা বিবেচনা করেই পরিচালক (অপারেশন) এম এন ইকবালকে ছুটিতে পাঠানো হয়েছে। অন্যদিকে, সাংসদের লোকজনের ক্ষোভ প্রশমনে তাঁর সুপারিশে নিয়োগ পাওয়া চারজনকে গত মঙ্গলবার নিরাপত্তা বিভাগ থেকে সরিয়ে উৎপাদন বিভাগে আনা হয়েছে। এই চারজন হলেন ওসমান গণি, মেজবাহ উদ্দিন, সিরাজুল আলম চৌধুরী ও হাসান জুনায়েত। ওসমান গণি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক। বাকি তিনজন সাংসদের আত্মীয় বলে জানা গেছে।এলাকা ঘুরে ও সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পর পর তিন দফা অনাকাঙ্ক্ষিত হামলার কারণে কাফকোতে কর্মরত অন্য জেলা থেকে আসা কর্মকর্তারা উদ্বেগের মধ্যে পড়েছেন। কারণ তাঁরা সপরিবারে বসবাস করছেন চট্টগ্রাম শহর থেকে ২৫ কিলোমিটার দূরে আনোয়ারা থানায় অবস্থিত কাফকো কারখানাসংলগ্ন আবাসিক এলাকায়।কাফকোর চিফ অপারেশনাল কর্মকর্তা খায়রুল আলম আজাদ বলেন, ‘সাংসদের সুপারিশে নিয়োগ করা চার কর্মীকে পছন্দের চাকরি না দেওয়ায় আমরা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছি। আমাদের মুঠোফোন ও টাকা লুট করা হয়েছে। এ ছাড়া প্রায় এক মাস আমরা অবরুদ্ধ জীবন যাপন করেছি। আমাদের পরিবারের সদস্যরা আবাসিক এলাকার বাইরে আসতে পারেনি। কারও জীবনের নিরাপত্তা ছিল না।’ স্থানীয় লোকজন জানিয়েছেন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন খালেক শাহাজী এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরীর নেতৃত্বে এসব হামলা হয়েছে। হামলায় পরোক্ষ ইন্ধন ছিল কাফকোর সহকারী কর্মকর্তা কাজী মোজাম্মেল হকের। তিনি আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই তিনজনই আখতারুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠ ও আস্থাভাজন বলে পরিচিত।বাহাউদ্দিন খালেক শাহাজী প্রথম আলোকে বলেন, ‘বাবু ভাই যে চারজনকে চাকরি দেন, তাঁদের নিরাপত্তা বিভাগে চাকরি দেওয়া হয়েছে। আর শিল্পমন্ত্রীর অনুরোধে চাকরি পাওয়া চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে উৎপাদন বিভাগে। এটা স্থানীয় সাংসদকে অবমাননা করার শামিল।’ তিনি বলেন, ‘কাফকোর কর্মকর্তারা চাকরি নিয়ে কথা বলার কোনো স্বাভাবিক পথ খোলা রাখেননি। এ জন্য আমরা বিপথে যেতে বাধ্য হয়েছি।’তিন দফা হামলার বিষয়ে তিনি বলেন, ‘এসব ঘটনার পর কাফকোর লোকজন আনোয়ারাবাসীকে সম্মান করতে শুরু করেছে।’নাম প্রকাশে অনিচ্ছুক কাফকোর একজন শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের কাছ থেকে আমরা শান্তি কিনে নিতে বাধ্য হয়েছি। এটা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা ছিল না।’কাফকো সূত্রে জানা যায়, সাংসদদের অনুরোধের চারজন এবং শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার অনুরোধের চারজনকে চাকরি দেওয়ার পর আট মাস আগে তাঁদের ঘোড়াশাল সার কারখানায় প্রশিক্ষণ দেওয়া হয়। ছয় মাস প্রশিক্ষণ শেষে তাঁদের কাফকোতে পদায়ন করা হয়।জানা গেছে, ওসমান গণি শুরু থেকে নিরাপত্তা শাখায় যেতে অস্বীকৃতি জানান। স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলেন, বিষয়টি স্থানীয় সাংসদ কাফকোর প্রধান নির্বাহী কর্মকর্তাকে জানান। কিন্তু তাতে কাজ হয়নি। এর পরই কাফকোতে ভেতরে-বাইরে আন্দোলন শুরু করে আওয়ামী লীগ।কাফকোতে যাঁরা নিরাপত্তা শাখায় কাজ করেন, তাঁরা সিবিএর সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারেন না। এ জন্য শুরু থেকেই সাংসদের লোকজন নিরাপত্তা শাখায় যেতে অস্বীকার করেন বলে জানা গেছে।এ ব্যাপারে কাফকোর মহাব্যবস্থাপক (অপারেশন) আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা সেভাবে ভেবে দেখিনি। এটাই আমাদের ভুল হয়েছে। এ ব্যাপারে আমাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল।’সাংসদ আখতারুজ্জামানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।