সাংসদের দেহরক্ষীর গুলিতে ছিনতাইকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাংসদ আবদুর রাজ্জাকের দেহরক্ষীর গুলিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এ সময় গণপিটুনিতে আরেক ছিনতাইকারী গুরুতর আহত হন। গতকাল বুধবার দুপুরে গুলশানে পাকিস্তান দূতাবাসের কাছে এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম বাদল (৩৫)। গণপিটুনিতে আহত হয়েছেন তাঁর সহযোগী সুলতান (৩৪)। আহত সুলতানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে ছিনতাইয়ে ব্যবহার করা পিস্তল, পাঁচটি গুলি ও একটি মোটরসাইকেল এবং ছিনতাই হওয়া অলংকার, টাকা ও মোবাইল ফোনসেটসহ ভ্যানিটি ব্যাগ উদ্ধার করেছে।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দীন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গতকাল বেলা পৌনে দুইটার দিকে গুলশান ৭৯ নম্বর সড়কে মোটরসাইকেল (ঢাকা মেট্রো এ ০৬-৫৬৩৭) আরোহী দুই ছিনতাইকারী এক মহিলার ব্যাগ ও অলংকার ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল। এ সময় সাংসদ আবদুর রাজ্জাকের দেহরক্ষী পুলিশের সদস্য হেমায়েত উদ্দিন গাড়িতে করে (ঢাকা মেট্রো ঘ ১১-৮৬৫৩) সে পথ দিয়ে যাচ্ছিলেন। লোকজনের কাছে ঘটনা শুনে তিনি মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে তাঁদের গাড়ি দিয়ে মোটরসাইকেলের সামনে গিয়ে রাস্তা আগলে দাঁড়ালে ছিনতাইকারীরা গাড়ি লক্ষ্য করে গুলি করেন। সঙ্গে সঙ্গে আবদুর রাজ্জাকের দেহরক্ষী ছিনতাইকারীদের লক্ষ্য করে গুলি করেন। এতে এক ছিনতাইকারীর গলায় গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন। অপরজনকে আটকে ব্যাপক মারধর করে উপস্থিত জনতা।ছিনতাইয়ের শিকার রেহানা পারভীন (৩৫) জানান, তিনি নর্দ্দা থেকে বাজার করে গুলশান ২-এর ৮০ নম্বর সড়কে তাঁর বাসায় ফিরছিলেন। ৭৯ নম্বর সড়কে মোটরসাইকেল আরোহী দুই যুবক তাঁর রিকশার গতিরোধ করেন। এক যুবক তাঁর পেটে পিস্তল ধরে বলেন, ‘কোনো সাউন্ড করবা না, যা আছে দাও।’ একজন তাঁর গলার চেইনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। আরেকজন টান দিয়ে হাতের বালা খুলতে গেলে তাঁর হাতের চামড়া ছিলে যায়।রেহানা বলেন, ‘আমি ব্যাগটি এগিয়ে দিয়ে তাঁদের বলি, “ভাই ব্যাগ নেন, চেইনটা নিয়েন না”। সঙ্গে সঙ্গে একজন ব্যাগ নিয়ে নেন। আরেকজন আমার দুই হাত থেকে খামচে সোনার দুটি বালা ছিনিয়ে নেন। এরপর তাঁরা দ্রুত চলে যান। আমি চিৎকার শুরু করি। লোকজনও এগিয়ে আসতে থাকে। এ সময় একটি জিপ এসে পাশে দাঁড়ায়। চালক জানালার কাচ নামিয়ে জিজ্ঞেস করেন, “আপা, কী হয়েছে।” আমি ঘটনা বললে তাঁরা জিপ নিয়ে সেই মোটরসাইকেলের পিছু ধাওয়া করেন। এরপর আমি বাসায় ফিরে আসি।’রেহানা বলেন, ‘বাজারে যাওয়ার আগে আমি গুলশানের স্ট্যান্ডার্ড ব্যাংকের একটি শাখা থেকে তিন হাজার টাকা তুলি। সেই থেকেই মনে হয় ওঁরা (ছিনতকাইকারীরা) আমার পিছু লেগেছিলেন। বাজার করার পর ব্যাগে বেশি টাকাও ছিল না। ব্যাগে আমার মোবাইল ফোন ও কিছু কাগজ ছিল। পরে বাসায় এসে টিঅ্যান্ডটি ফোন থেকে আমার মোবাইলে ফোন করলে একজন পুলিশ সদস্য ফোন ধরে আমাকে ঘটনা জানান।’সাংসদের দেহরক্ষী পুলিশের বিশেষ শাখার (প্ররক্ষা) কনস্টেবল হেমায়েতউদ্দীন জানান, তাঁরা আবদুর রাজ্জাকের গুলশানের ৭৬ নম্বর সড়কের বাসা থেকে মহাখালীর আইসিডিডিআরবিতে যাচ্ছিলেন। সাংসদ রাজ্জাক অসুস্থ। পথে তাঁরা লোকজনকে ‘ছিনতাইকারী, ছিনতাইকারী’ বলে চিৎকার করতে দেখেন। এ সময় লাল রঙের হোন্ডা সিডিআই মোটরসাইকেলে দুজনকে দ্রুতগতিতে যেতে দেখা যায়। তাঁরা মোটরসাইকেলটির পিছু নেন। ঘটনাস্থল থেকে ২০০-৩০০ মিটার যাওয়ার পরই তাঁরা মোটরসাইকেলটিকে থামাতে সক্ষম হন।জিপের চালক লিটন কাজী বলেন, ‘কিছু দূর গিয়েই মোটরসাইকেলটি ডানে মোড় নেয়। আমি তার বাম পাশ দিয়ে ডানে মোড় নিয়ে ডান পাশে গাড়ি চাপিয়ে দিই। চালক মোটরসাইকেল থামাতে বাধ্য হয়। তবে সঙ্গে সঙ্গেই পিস্তল বের করে গুলি করে।’দেহরক্ষী হেমায়েত বলেন, ‘থামানোর পরই এক মোটরসাইকেল আরোহী চিৎকার করে “তগোরে মাইরা ফালামু” বলেই পিস্তল বের করতে উদ্যত হলে আমি হাত দিয়ে লিটনের (চালক) মাথা নিচের দিকে নামিয়ে দিই। আমিও মাথা নিচু করে ফেলি। যুবক গুলি করলে চালকের পাশের জানালার কাচ ভেঙে যায়। পরপর আরও কয়েকটি গুলি করে। আমি মাথা নিচু অবস্থায় কোনো রকমে তাকে লক্ষ্য করে একটি গুলি করি। গুলি তার গলায় বিদ্ধ হয়। আরেকজনকে ধরে ফেলে আশপাশের লোকজন। তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে লোকজন।’দায়িত্ব না থাকা সত্ত্বেও কেন হঠাৎ ছিনতাইকারী ধরতে গেলেন—এ প্রশ্নের জবাবে হেমায়েত বলেন, ‘আমি ওদের থামাতে চেয়েছিলাম। কিন্তু ওরা হঠাৎ আমাদের ওপর গুলি চালালে আমাকে পাল্টা গুলি চালাতে হয়।’প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলার ছিনতাইয়ের পরপরই গাড়িটি মোটরসাইকেলটির পিছু ধাওয়া করে। কিছু দূর গিয়েই তাঁরা মোটরসাইকেলটি থামিয়ে ফেলেন। এরপর ছিনতাইকারী গাড়িটি লক্ষ্য করে গুলি চালালে গাড়ি থেকেও একজন ছিনতাইকারীদের লক্ষ্য করে গুলি চালায়।তবে এ ঘটনায় গতকাল দুপুরে গুজব ছড়িয়ে পড়ে, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাকের গাড়ি আক্রান্ত হয়েছে। খবর পেয়ে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র‌্যাবের মহাপরিচালক খন্দকার হাসান মাহমুদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।কড়া নিরাপত্তাবেষ্টিত রাজধানীর অভিজাত ও দূতাবাস এলাকায় এমন ঘটনা প্রসঙ্গে গুলশান থানার ওসি কামালউদ্দীন বলেন, ‘পুলিশের চেষ্টার কোনো ত্রুটি নেই। তবে গুলশান এলাকায় এত রাস্তা যে সব রাস্তায় আমাদের পাহারা দেওয়া সম্ভব হয় না। আর অভিজাত এলাকা হওয়ায় প্রচুর গাড়ি চলাচল করে। পুলিশ সবাইকে থামিয়েও তল্লাশি করতে পারে না। এসব কারণে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটে।’ঘটনার শিকার রেহেনা পারভীন বাদী হয়ে গুলশান থানায় মামলা করেছেন। মামলায় দুজনকে আসামি করা হয়। পুলিশ দুই ছিনতাইকারীর কাছ থেকে এক হাজার ৫০০ টাকা, হাতের বালা ও মহিলার ফোনসেটসহ তিনটি মোবাইল ফোনসেট উদ্ধার করেছে।