সাংসদের নির্দেশে আসামি ছিনতাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালতের কাছ থেকে স্থানীয় সাংসদের নির্দেশে সাজাপ্রাপ্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একটি অবৈধ ইটভাটা উচ্ছেদের সময় এ ঘটনা ঘটে। তবে ছিনিয়ে নেওয়া নয়, পুলিশ আসামি পালিয়ে যাওয়ার অভিযোগে একটি মামলা করেছে। প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা যায়, দুপুরে ভ্রাম্যমাণ আদালত পুলিশ ও দমকল বাহিনী নিয়ে উপজেলার মাড়িয়া ইউনিয়নের কালাপাড়ায় ভাই ভাই ব্রিকস নামের একটি ইটভাটায় অভিযান চালান। রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজাউদদৌলা, রাজশাহীর পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ রসায়নবিদ মিজানুর রহমান ও পরিদর্শক মকবুল হোসেন এ অভিযান পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও নিবন্ধন না থাকা এবং ভাটা চালুতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় দমকল বাহিনী পানি দিয়ে দুপুরে আগুন নেভানো শুরু করে। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে তারা আংশিক আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় ভাটার মালিক আহসান কবিরকে (৩৮) আদালত আটক করে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।আহসান কবিরকে পুলিশের গাড়িতে ওঠানোর সময় স্থানীয় সাংসদ এনামুল হকসহ আওয়ামী লীগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা ভাটা বন্ধ এবং আহসানকে আটকের বিষয়ে আদালতের কাছে কৈফিয়ত চান। একপর্যায়ে সেখানে উপস্থিত স্থানীয় লোকজন আদালতের ওপর ক্ষুব্ধ হন।উপজেলার আরও অবৈধ ভাটা থাকার পরও কেন এই ভাটায় অভিযান চালানো হয়েছে—এ বিষয়ে প্রশ্ন তোলা হয়। পরে পুলিশের গাড়িতে থাকা আহসানকে ছিনিয়ে নেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে আদালত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে আসেন। উপজেলার অন্য ইটভাটাগুলোতে অভিযান না চালিয়ে শুধু ওই ভাটায় অভিযান চালানো প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজাউদৌলা বলেন, উচ্চ আদালতের নির্দেশে এ অভিযান চালানো হয়েছে। তবে তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামি পুলিশের গাড়ি থেকে পালিয়ে গেছেন। কিন্তু আসামিকে ছিনিয়ে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ধরে নেন, স্থানীয় সাংসদের নির্দেশে তাঁকে ছিনিয়ে নেওয়া হয়েছে।’এ ঘটনায় রাজশাহী পুলিশ লাইনের সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম আসামি পালিয়ে যাওয়ার অভিযোগে বিকেলে থানায় একটি মামলা করেন। মুঠোফোনে আহসানুল কবির জানান, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তিনি গত ২০ ডিসেম্বর একটি রিট পিটিশন দায়ের করেছেন। তাতে রাজশাহীর জেলা প্রশাসক ও ইউএনওকে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তিনি ভাটা চালু রেখেছেন বলে দাবি করেন। তাঁকে ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে কেউ ছিনিয়ে নেয়নি, আমি চলে এসেছি।’ তবে বাগমারার ইউএনও সাদেকুল ইসলাম এ ধরনের কোনো আদেশ ও নির্দেশ পাননি বলে জানান। এ ব্যাপারে সাংসদ এনামুল হকের মুঠোফোনে যোগাযোগ করলে তাঁর একান্ত ব্যক্তিগত সহকারী পরিচয়ে এক ব্যক্তি ফোন ধরে বলেন, স্যার একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন। পরে কথা বলবেন। বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান মামলা দায়েরের বিষয় নিশ্চিত করেছেন।