সাংসদের পক্ষে না থাকায় গ্রেপ্তার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সাংসদের পক্ষে না থাকায় যশোরের মনিরামপুরে ভঞ্জন পাঁড়ে (৪০) নামের এক ব্যক্তিকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে। এক মাস আগের ডাকাতির একটি মামলায় গতকাল মঙ্গলবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ বুধবার আদালতের মাধ্যমে ভঞ্জন পাঁড়েকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তাঁর বাড়ি হরিদাসকাঠি ইউনিয়নের পাঁচকাটিয়া গ্রামে।ভঞ্জন পাঁড়ের স্ত্রী রীতা পাঁড়ের অভিযোগ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংসদ খান টিপু সুলতানের ঘনিষ্ঠ। এ জন্য ওসিকে দিয়ে প্রথমে তাঁর স্বামীকে সাংসদের দলে ভেড়ানোর চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হয়ে ওসিকে ব্যবহার করেছেন সাংসদ।এদিকে আজ বিকেলে স্থানীয় হাজিরহাট বাজারে কয়েক শ মানুষ জড়ো হয়ে ভঞ্জনকে আটকের প্রতিবাদ জানায়। তারা সাংসদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে।ভঞ্জনের নিকটাত্মীয় সুব্রত মণ্ডল প্রথম আলো ডটকমকে বলেন, ভঞ্জন পাঁড়ে দুই সপ্তাহ আগে হাজিরহাট দুর্গা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি হয়েছেন। এ জন্য সাংসদ তাঁর ওপর ক্ষুব্ধ হন। স্থানীয় সংখ্যালঘুদের বেশির ভাগই ভঞ্জনের পক্ষে অবস্থান নিয়েছে। এ জন্য পুলিশ দিয়ে ভঞ্জন পাঁড়েকে সাংসদ গ্রেপ্তার করিয়েছেন বলে সুব্রত মণ্ডল অভিযোগ করেন।অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সাংসদ খান টিপু সুলতান প্রথম আলো ডটকমকে বলেন, ‘ভঞ্জন পাঁড়ে আমার রাজনৈতিক বন্ধু বা মিত্র নন। তাঁকে আটক বা গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে কিছুই বলিনি। তবে তাঁর বিরুদ্ধে একাধিক খুন ও ডাকাতির মামলা রয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে অন্যায় করেছে বলে মনে হয় না।’হরিদাসকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিরঞ্জন প্রসাদ বিশ্বাস বলেন, ‘ভঞ্জন পাঁড়ে এলাকার সমাজসেবামূলক কাজ করেন। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না, তা জানি না।’ভঞ্জনের পরিবারের সদস্যরা বলছে, তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। এখন সাজানো বা পুরোনো মামলায় তাঁকে আসামি করা হচ্ছে। ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সাংসদের সঙ্গে তাঁর মতবিরোধ রয়েছে।মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজম খান প্রথম আলো ডটকমকে বলেন, ‘মাস খানেক আগে তাড়ুয়াপাড়া গ্রামের একটি বাড়িতে ডাকাতি হয়। ওই ঘটনায় মনিরামপুর থানায় দায়ের হওয়া ডাকাতির মামলায় ভঞ্জনকে আদালতে পাঠানো হয়। ওসির দাবি, ভঞ্জনের বিরুদ্ধে দুটি হত্যা ও একটি ডাকাতির অভিযোগ রয়েছে।সাংসদের পক্ষে ভঞ্জনকে গ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, ‘বিষয়টি ঠিক নয়।’