সাংসদের পক্ষে না থাকায় যশোরে এক ব্যক্তিকে গ্রেপ্তারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সাংসদের পক্ষে না থাকায় যশোরের মনিরামপুরে ভঞ্জন পাঁড়ে (৪০) নামের এক ব্যক্তিকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে। এক মাস আগের একটি ডাকাতি মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।ভঞ্জন পাঁড়ের স্ত্রী রিতা পাঁড়ে অভিযোগ করেন, থানার ওসি সাংসদ খান টিপু সুলতানের ঘনিষ্ঠ। এ জন্য ওসিকে দিয়ে প্রথমে তাঁর স্বামীকে সাংসদের দলে ভেড়ানোর চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হওয়ায় ওসিকে ব্যবহার করেছেন ওই সাংসদ।গত মঙ্গলবার বিকেলে ভঞ্জনকে আটক করে বুধবার আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তাঁর বাড়ি হরিদাসকাঠি ইউনিয়নের পাঁচকাটিয়া গ্রামে। গতকাল বিকেলে স্থানীয় হাজিরহাট বাজারে কয়েক শ মানুষ জড়ো হয়ে ভঞ্জনকে আটক করার প্রতিবাদ জানান। তাঁরা সাংসদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ভঞ্জনের নিকটাত্মীয় সুব্রত মণ্ডল প্রথম আলোকে বলেন, সপ্তাহ দুয়েক আগে হাজিরহাট দুর্গা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে গঠিত কমিটির সভাপতি হয়েছেন ভঞ্জন পাঁড়ে। এ জন্য সাংসদ ক্ষুব্ধ হয়েছেন। স্থানীয় সংখ্যালঘুদের বেশির ভাগই তাঁর বিপক্ষে অবস্থান নিয়েছেন। এ জন্য পুলিশ দিয়ে তিনি তাঁর ভাইকে গ্রেপ্তার করিয়েছেন।অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সাংসদ খান টিপু সুলতান প্রথম আলোকে বলেন, ‘ভঞ্জন পাঁড়ে আমার রাজনৈতিক বন্ধু বা মিত্র নন। তাঁকে আটক বা গ্রেপ্তার করার জন্য আমি পুলিশের কাছে কিছুই বলিনি। তবে তাঁর বিরুদ্ধে একাধিক খুন ও ডাকাতির মামলা রয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে অন্যায় করেছে বলে মনে হয় না।’হরিদাসকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিরঞ্জন প্রসাদ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ভঞ্জন পাঁড়ে এলাকার সমাজসেবামূলক কাজ করেন। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না, তা তিনি জানেন না।ভঞ্জনের পরিবার বলছে, তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। এখন সাজানো বা পুরোনো মামলায় তাঁকে আসামি করা হচ্ছে। সরকারদলীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও স্থানীয় সরকারদলীয় সাংসদের সঙ্গে তাঁর মতবিরোধ রয়েছে।মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজম খান প্রথম আলোকে বলেন, মাস খানেক আগে তাড়ুয়াপাড়া গ্রামের একটি বাড়িতে ডাকাতি হয়। ওই ঘটনায় মনিরামপুর থানায় দায়ের হওয়া ডাকাতির মামলায় ভঞ্জনকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়।ওসি দাবি করেন, তাঁর বিরুদ্ধে দুটি হত্যা ও একটি ডাকাতির অভিযোগ রয়েছে।সাংসদের পক্ষে ভঞ্জনকে গ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, বিষয়টি ঠিক নয়।