সাংসদের পিএসের নানা জালিয়াতি
আওয়ামী লীগের সাংসদ (কুমিল্লা-৮) নাছিমুল আলম চৌধুরীর ব্যক্তিগত সচিব (পিএস) মজিবর রহমান খন্দকার ওরফে শামীমকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে রাজধানীর লালবাগ থানা পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ভোরে আজিমপুর ব্যাচেলর স্টাফ কোয়ার্টার থেকে মজিবরকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে প্রচুর সিল, প্যাড খাম ও ডিও লেটার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৭ জন মন্ত্রীর, ২০ জন প্রতিমন্ত্রীর ও এমপি নাছিমুলের সিলও রয়েছে।পুলিশ জানিয়েছে, মজিবর সম্প্রতি সাংসদ নাছিমুলের স্বাক্ষর জাল করে পুলিশের আটক করা ৪০০টি রিকশা তুলেছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মন্ত্রী, প্রতিমন্ত্রীদের স্বাক্ষর-প্যাড জাল করে প্রতারণার অভিযোগও রয়েছে। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে লালবাগ থানায় একটি মামলা করেছে পুলিশ। তবে সাংসদ নাছিমুল পুলিশকে জানিয়েছেন, তিন-চার মাস আগে মজিবরকে তিনি অব্যাহতি দিয়েছেন।