সাংসদের পিস্তলের গুলিতে আ.লীগ কর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনের সরকারি দলের সাংসদ নুরুন্নবী চৌধুরীর পিস্তলের গুলিতে নিহত হয়েছেন সেগুনবাগিচার আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদ (৩৫)। গত শুক্রবার রাতে সংসদ ভবন চত্বরে সাংসদের গাড়ির ভেতরে এ ঘটনা ঘটে। সাংসদের গাড়িচালক কামাল হোসেন পুলিশের কাছে দেওয়া লিখিত অভিযোগে এ তথ্য জানান।এ ব্যাপারে জানতে চেয়ে বারবার চেষ্টা করেও সাংসদ নুরুন্নবীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। গতকাল বিকেল থেকে তাঁর নিজের ও ব্যক্তিগত সহকারীর সব কটি ফোন বন্ধ পাওয়া যায়।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন প্রথম আলোকে জানান, এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। কেন খুনের মামলা নেওয়া হয়নি জানতে চাইলে ওসি বলেন, সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়িচালকের দেওয়া অভিযোগের ভিত্তিতেই মামলা নেওয়া হয়েছে। বাদী গাড়িচালক জানান, সাংসদের লাইসেন্স করা পিস্তল নাড়াচাড়া করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ইব্রাহিম। চালক কামাল পুলিশকে বলেন, ইব্রাহিম তাঁদের পূর্বপরিচিত। সেই সুবাদে সাংসদের কাছে আসা-যাওয়া ছিল। শুক্রবার সন্ধ্যার দিকে তিনি সাংসদ ও ইব্রাহিমকে নিয়ে পাজেরো জিপ চালিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর ব্লকের সামনে যান। জিপটি পার্ক করে সাংসদকে তাঁর কক্ষে পৌঁছে দিয়ে ইব্রাহিম আবার সাংসদের গাড়িতে এসে বসেন। এ সময় চালক গাড়ির বাইরে ছিলেন। সাংসদ তাঁর পিস্তলটি গাড়িতে রেখে যান। চালক বলেন, সন্ধ্যা ছয়টা ২৫ মিনিটের দিকে গাড়িতে বসে ইব্রাহিম সাংসদের লাইসেন্স করা পিস্তলটি নাড়াচাড়া করার একপর্যায়ে তা থেকে গুলি বেরিয়ে যায়। একটি গুলি ইব্রাহিমের চোয়ালে বিদ্ধ হলে ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে থাকে। তিনি দেখেন ইব্রাহিম ডান হাতে পিস্তল ধরে আছেন।গাড়িচালক কামাল পুলিশকে জানান, চোয়ালে গুলিবিদ্ধ অবস্থায় ইব্রাহিমকে মাইক্রোবাসে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তিনি। রাত আটটা পাঁচ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।তবে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজের সূত্র জানায়, রাতে কে বা কারা গুলিবিদ্ধ অবস্থায় ইব্রাহিমের লাশ রেখে পালিয়ে যায়। যারা ইব্রাহিমকে নিয়ে এসেছিল, পরে তাদের আর কোনো খোঁজ মেলেনি। শেরেবাংলা নগর থানার ওসি রিয়াজ হোসেন জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে যে পিস্তল দিয়ে ইব্রাহিম গুলিবিদ্ধ হয়েছেন, তা জব্দ করা হবে কি না, সে বিষয়ে ওসি কোনো মন্তব্য করতে চাননি। থানা পুলিশের সূত্র জানায়, পুলিশ গতকাল রাত পর্যন্ত সাংসদের পিস্তলটি জব্দ করতে পারেনি।ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ সূত্র জানায়, গতকাল লাশের ময়নাতদন্ত হয়েছে। নিহত ইব্রাহিমের ঘাড়ের বাঁ দিকে একটি গুলি পাওয়া গেছে। গুলিটি চোয়ালে ঢুকে ঘাড়ে আটকে যায়।ইব্রাহিমের মৃত্যুর পর শুক্রবার রাতে তাঁর ভাই মাসুম আহমেদ জানিয়েছিলেন, ইব্রাহিম আগে থেকেই সাংসদ নুরুন্নবী চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। ঢাকা সিটি করপোরেশনের বিভিন্ন ঠিকাদারি কাজ তিনি সাংসদের সঙ্গেই করতেন।মাসুম আরও জানিয়েছিলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নিজেকে প্রার্থী ঘোষণার কারণেই তাঁকে খুন করা হয়েছে। ওই ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীদের কেউ এ কাজ করে থাকতে পারেন। এর আগে ২০০৮ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পরও একবার ইব্রাহিমের ওপর সন্ত্রাসী হামলা হয়েছিল বলে তিনি জানান। তবে গতকাল দুপুরে সাংসদের চালক মামলা করার পর থেকে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি।ইব্রাহিমের বাবা সালেহ আহমেদ শুক্রবার রাতে ফোনে প্রথম আলোকে বলেন, ইব্রাহিম এবার ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করার চিন্তাভাবনা করছিল। এ জন্য এলাকায় সে পোস্টারও লাগিয়েছিল। তাঁর ধারণা, এর জের ধরেই ইব্রাহিম খুন হতে পারে। তবে গতকাল এ বিষয়ে তিনি আর কিছু বলতে চাননি। ইব্রাহিমের স্ত্রী যুব মহিলা লীগের কর্মী রীনা। তিনি বাবার বাড়ি রাজবাড়ীতে ছিলেন। স্বামীর মৃত্যুর খবর শুনে তিনি ছুটে আসেন। কিন্তু মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে চাননি তিনি। গতকাল গাজীপুরে ইব্রাহিমকে দাফন করা হয়েছে।