সাংসদের পিস্তলের গুলিতে ইব্রাহিম নিহত হন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কর্মী ইব্রাহিমের শরীর থেকে পাওয়া গুলিটি সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের লাইসেন্স করা অস্ত্রের বলে নিশ্চিত হয়েছে সিআইডি। নুরুন্নবীর অস্ত্র ও গুলি পরীক্ষার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়। গতকাল বুধবার প্রতিবেদনটি মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে পাঠানো হয়েছে।সিআইডি সূত্র জানায়, নুরুন্নবীর জব্দ করা পিস্তল ও ইব্রাহিমের শরীর থেকে বের করা গুলি সিআইডির আগ্নেয়াস্ত্র শাখা পরীক্ষা করেছে। সিআইডির প্রতিবেদনে বলা হয়, নুরুন্নবীর অস্ত্র থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। ইব্রাহিমের শরীরে যে গুলিটি পাওয়া গেছে, তা নুরুন্নবীর অস্ত্র থেকেই বের হয়েছিল।ডিবি কর্মকর্তারা জানান, অস্ত্র পরীক্ষার প্রতিবেদন ছাড়াও ঢাকা মেডিকেল কলেজে স্থাপিত ডিএনএ ল্যাবরেটরি থেকে ইব্রাহিমের রক্তের ডিএনএ প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে। এখন দুটো প্রতিবেদন নিয়ে আগে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে। কোনো গরমিল হলে তা আবারও খতিয়ে দেখা হবে।এদিকে গতকাল ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে ইব্রাহিমের অপমৃত্যুর বিষয়ে একটি প্রতিবেদন দিয়েছে শেরেবাংলা নগর থানার পুলিশ। নিহত ইব্রাহিমের ভাই মাসুম আহমেদের মামলার পরিপ্রেক্ষিতে এ প্রতিবেদন দেওয়া হয়।ওই অপমৃত্যু মামলাটির প্রথম তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আজিমুদ্দিন জানান, ইব্রাহিমকে গুলি করে হত্যার অভিযোগ এনে ১৮ আগস্ট সাংসদ নুরুন্নবীসহ আটজনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন নিহত ইব্রাহিমের ছোট ভাই মাসুম আহমেদ। পরে আদালত থেকে ইব্রাহিমের মৃত্যু ও অপমৃত্যুর মামলা প্রসঙ্গে আদালতকে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়। আদেশ অনুযায়ী তিনি গতকাল দুপুরে আদালতকে অপমৃত্যুর মামলা ও ইব্রাহিমের মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।আদালতকে এসআই আজিমুদ্দিন জানিয়েছেন, ইব্রাহিমের মৃত্যুর পর তাঁর শরীর থেকে বুলেট উদ্ধার ও রক্ত সংগ্রহ, গাড়ি থেকে রক্তের দাগ সংগ্রহ, রক্তের ডিএনএ টেস্টের আবেদন, অস্ত্র, গুলি ও দুটি গাড়ি জব্দ, প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট নয়জনের সাক্ষ্য গ্রহণের বিস্তারিত কাজের বিবরণ দেওয়া হয়েছে আদালতের কাছে।১৩ আগস্ট রাতে আওয়ামী লীগের কর্মী ইব্রাহিমের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ফেলে পালিয়ে যায় কয়েকজন লোক। ওই রাতেই ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়িচালক কামাল হোসেন ওরফে কালার অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা নেয় শেরেবাংলা নগর থানার পুলিশ। মামলায় বলা হয়, সাংসদের পাজেরো গাড়ির ভেতর তাঁর লাইসেন্স করা পিস্তল নিয়ে নাড়াচাড়ার সময় গুলি বেরিয়ে গেলে দুর্ঘটনাবশত নিহত হন ইব্রাহিম। এ মামলার বক্তব্যের ঘোর বিরোধিতা করে তাঁর পরিবার। এরপর ১৮ আগস্ট নিহতের ভাই মাসুম আহমেদ বাদী হয়ে সাংসদ নুরুন্নবী, চালক কামাল হোসেনসহ আটজনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা করেন।