সাংসদের বাড়িতে দাওয়াত, পদদলিত হয়ে মৃত্যু
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আওয়ামী লীগের সাংসদ শাহরিয়ার আলমের বাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়ে পদদলিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২৫ জন। গতকাল শুক্রবার দুপুরে বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকায় ওই ঘটনা ঘটে।নিহত মোসলেম উদ্দিনের (৭০) বাড়ি বাঘার আমোদপুর গ্রামে। তিনি আওয়ামী লীগের একজন সমর্থক।এদিকে ওই অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে চারঘাট উপজেলার মুংলী গ্রামে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ইউসুফপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শৈয়ব আলী (৫০)। তাঁর বাড়ি ওই ইউনিয়নের জয়পুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী এলাকা বাঘা ও চারঘাট উপজেলায় সাংসদ শাহরিয়ারের কোনো বাড়ি ছিল না। তাই তিনি এবার বাঘার আড়ানী পৌর এলাকায় একটি দোতলা বাড়ি তৈরি করেন। ওই বাড়ির উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ পাঁচ হাজার এলাকাবাসীকে দাওয়াত দেওয়া হয়। আমন্ত্রিত অতিথিদের দুপুরে খাওয়ানোর জন্য বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে জয়গুন্নেছা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্যান্ডেল তৈরি করা হয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, জুমার নামাজের পরে একসঙ্গে অনেক মানুষ প্যান্ডেলের ভেতরে ঢুকতে ভিড় করে। এ সময় অনুষ্ঠানের স্বেচ্ছাসেবক বাহিনী প্যান্ডেলের ধারণক্ষমতার অতিরিক্ত অতিথিদের পরে বসার জন্য বাইরে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের ধাক্কাধাক্কিতে অনেকে নিচে পড়ে যায়। পদদলিত হন মোসলেম উদ্দিন, চারঘাটের ডাকরা গ্রামের আরমান আলীসহ (৫০) ২৫ জন। এর মধ্যে মোসলেম ও আরমানকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ফজলুল করিম বলেন, ‘লোকজনের নিচে চাপা পড়ায় মোসলেম বুকে আঘাত পান। এ জন্য তাঁর হূদ্যন্ত্রে সমস্যা দেখা দেয়। এ ছাড়া আহত আরমানের ডান হাত ভেঙে গেছে। পরে তাঁদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথে বেলা সাড়ে তিনটার দিকে মোসলেমের মৃত্যু হয় বলে জানতে পেরেছি।’পদদলিত হয়ে আহত আড়ানীর কুশাবাড়িয়া গ্রামের আবদুল মতিন (৪০) ভর্তি হয়েছেন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তিনি বলেন, ‘ধাক্কাধাক্কিতে চাপা খেয়ে বুকে প্রচণ্ড ব্যথা পেয়েছি। আগে জানলে এ দাওয়াত খেতে যেতাম না।’ আহত হয়ে একই ধরনের কথা বলেন কুশাবাড়িয়া গ্রামের যুবক নান্টু। এ ব্যাপারে সাংসদ শাহরিয়ার আলমের মুঠোফোনে কল দিলে তিনি ফোন ধরেননি। তাঁর একান্ত সচিব সিরাজুল ইসলাম বলেন, ‘মোসলেম উদ্দিন বয়স্ক মানুষ। অনুষ্ঠানে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’সাংসদের ওই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক আড়ানী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বলেন, ‘অতিথিদের জন্য ৯৭টি ছাগল জবাই করা হয়। পাঁচ হাজার মানুষকে খাওয়ানোর জন্য ২০০ জন স্বেচ্ছাসেবকও রাখা হয়। কিন্তু জুমার নামাজ শেষে দাওয়াত খেতে একসঙ্গে অনেক মানুষ ভিড় করে। তার পরও হুড়োহুড়ি লেগে কয়েকজন মানুষ পড়ে যায়।’ এর বেশি কিছু বলতে রাজি হননি সিরাজুল ও কামরুজ্জামান। তবে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মেদ হাশমী বলেন, ‘একসঙ্গে অনেক বেশি মানুষ প্যান্ডেলে ঢোকে। তাদের পরেরবার বসার জন্য বের করে দিতে গিয়ে ধাক্কাধাক্কিতে বেশ কিছু মানুষ পড়ে যায়। কেউ টেবিলের নিচে, কেউ চেয়ারের নিচে পড়ে যায়। এতে কেউ কেউ আহত হয়েছে।’ ওই অনুষ্ঠানে মোসলেমের সঙ্গে ছিলেন তাঁর চাচাতো ভাই মোস্তাক আহম্মেদ। তিনি বলেন, মানুষের নিচে চাপা পড়ে তাঁর ভাই আহত হন। পরে রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।গতকাল রাতে আমোদপুর গ্রামের পারিবারিক কবরস্থানে মোসলেমকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাঘা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমানুল হাসান প্রথম আলোকে বলেন, ‘মোসলেম উদ্দিন আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।’