সাংসদের বাড়িতে বোমা হামলা মামলায় জাহিদ দুই দিনের রিমান্ডে
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাংসদ আফাজ উদ্দিন আহমেদের বাড়িতে বোমা হামলা মামলার প্রধান আসামি জাহিদুল ইসলাম ওরফে জাহিদকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাহিদকে কুষ্টিয়ার দৌলতপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২২ নভেম্বর জাহিদকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। আজ শুক্রবার থেকে দুই দিনের রিমান্ড শুরু হয়েছে।প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর রাতে সাংসদের বাড়িতে বোমা হামলার ঘটনায় তিনজন নিহত হয়। এ ঘটনায় সাংসদের ছোট ছেলে এজাজ আহমেদ ওরফে মামুন বাদী হয়ে চারজনের নামসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে দুটি মামলা করেন।দৌলতপুর থানা ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাহির হোসেন জানান, জাহিদ প্রথমবার রিমান্ডে বোমা হামলার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আরও তথ্য উদঘাটনের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ জাহিদকে কুষ্টিয়া জেলা কারাগার থেকে দৌলতপুর থানায় নেওয়া হয়েছে।